দ্য ওয়াল ব্যুরো: বরফে মোড়া হিমালয়ের চুড়োদের দেখে মুগ্ধ আমরা কে না হয়েছি! ছবিতে হোক বা সামনে থেকে, তুষারশুভ্র শৃঙ্গদের সৌন্দর্য অনন্য। আবার বিমানে করে হিমালয় পর্বতমালার ওপর দিয়ে কোথাও গেলে, আকাশ পরিষ্কার থাকলে, তা যে কী অপরূপ দৃশ্য সে কথা বলাই বাহুল্য।
কিন্তু যদি আরও ওপরে ওঠা যেত, যদি মহাকাশ থেকে দেখা যেত হিমালয়ের শৃঙ্গরাজি! তেমনটাই এবার দেখার সুযোগ করে দিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশযান থেকে হিমালয় পর্বতের শৃঙ্গরাজির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারা। সে ছবি দেখে চোখ সরছে না কারও।
সমস্ত কৃত্রিম আলোর উপরে বিশ্বের উচ্চতম তুষারশুভ্র পর্বতমালা তার নিজস্ব উজ্জ্বলতায় ভাস্বর হয়ে আছে। নাসা জানিয়েছে, স্পেস স্টেশন থেকে এক মহাকাশচারী এই ছবি তুলেছেন, লং-এক্সপোজারে। সে ছবিতে হিমালয়ের নীচেই দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ চাষজমি। দেখা যাচ্ছে দু'দেশের বড় বড় শহরগুলি।
এ ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন। সুন্দর মন্তব্যেও ভরিয়ে দিয়েছেন সকলে।
https://twitter.com/inquirerdotnet/status/1339106737182404612