
শেষ আপডেট: 6 February 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক স্কুলশিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে তাঁর প্রেমিককেও গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক কলকাতা মেট্রো রেলে কর্মরত। ধৃতদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃত স্কুল শিক্ষিকা পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা। সেখানের একটি একটি বেসরকারি স্কুলে পড়ান। অভিযোগকারিণীও সেই স্কুলেই পড়াতেন। সার্ভে পার্ক এলাকায় ওই যুবতীর বাড়ি৷
অভিযুক্ত স্কুল শিক্ষিকার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই মেট্রো রেল কর্মীর। ওই যুবকের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়৷ অভিযোগকারিণী জানিয়েছেন, ওই স্কুল শিক্ষিকার মাধ্যমেই তাঁর সঙ্গে নরেন্দ্রপুরের ওই মেট্রোরেল কর্মীর আলাপ হয়েছিল। তাঁদের তিনজনের মধ্যেই সুসম্পর্ক থাকায় একসঙ্গে অনেকবারই ঘুরতে গিয়েছেন।
অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, ওই স্কুলশিক্ষিকা তাঁকে নিজের প্রেমিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে উস্কানি দিতেন।
ওই যুবতী আরও জানিয়েছেন, তিনি বাড়িতে একাই থাকতেন৷ তাই অনেক সময়ই তাঁর বাড়িতেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হত। সেখানে ওই স্কুল শিক্ষিকা এবং তাঁর প্রেমিক উপস্থিত থাকতেন। সেই সময়ে কয়েকবার ওই ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেছিল অভিযুক্ত স্কুল শিক্ষিকা। যুবতীর অজান্তেই সেই মুহূর্তের ভিডিও করে রাখেন।
ঘনিষ্ঠতার ভিডিও ফাঁস করে দেওয়ার ভয়ে দেখিয়ে ওই স্কুল শিক্ষিকা ও তাঁর প্রেমিক অভিযোগাকারিণীকে ব্যাক্লমেল করতে শুরু করে। তাঁরা হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে ২০ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু এতেও স্কুল শিক্ষিকা ও তাঁর প্রেমিক তাঁকে ব্ল্যাকমেল করা থামাননি। পরে আরও টাকা দাবি করতে থাকে। তাই নরেন্দ্রপুর থানার পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।