
শেষ আপডেট: 7 March 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফের শিরোনামে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ওই স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
হাইকোর্টে নির্দেশে কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। তাঁর বিরুদ্ধে স্কুলে একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষকদের একাংশ। তারপরেই বহিরাগতদের দিয়ে স্কুলের শিক্ষকদের মারধরের অভিযোগ ওঠে ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে।
ঘটনার তদন্ত চলার মধ্যে গত ১০ জানুয়ারি এক ছাত্রীর অভিভাবক ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। এরপরেই অভিযুক্ত শিক্ষক তারক চন্দ্র ঘোষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোররাতে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে বেড়াচ্ছিল। পরে সুযোগ বুঝে বীরভূমে গিয়ে গা ঢাকা দেয়। তার খোঁজে সম্ভাব্য জায়গাগুলিতে পুলিশ হানা দিলেও তাঁর নাগাল পায়নি। অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও স্থানীয় সূত্র থেকে খবর পেয়ে রানিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ হয়। ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
এদিকে, অভিযুক্তের আইনজীবী বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন জানান। ওই আইনজীবীর অভিযোগ, ধৃত প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঢাকতে ওই ছাত্রীর অভিভাবককে কাজে লাগিয়েছেন। তাঁর মক্কেলকে এই মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন। এর আগেও শিক্ষকদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ধৃতের আইনজীবী যুক্তি শোনার পরেই মামলা দায়ের করার অনুমতি দেয় বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।