
শেষ আপডেট: 30 April 2023 05:20
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক মিনিটের অপেক্ষা। ১১ টায় শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ (Narendra Modis Mann ki Baat) রেডিও অনুষ্ঠানের শততম পর্ব। আকাশবাণী, দূরদর্শন ছাডাও কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির সমস্ত প্রচার প্রচারমাধ্যমে সরাসরি প্রচারিত হবে এই অনুষ্ঠান। দেশের সব কমিউনিটি রেডিও চ্যানেলগুলিকেও আজ বাধ্যতামূলকভাবে এই অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।
শুধু দেশে নয়, শততম ‘মন কি বাত’ (Mann ki Baat) প্রচারের ব্যবস্থা হয়েছে বিদেশেও। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে স্থায়ী ভারতীয় মিশনের উদ্যোগে এই অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা হয়েছে। মার্কিন সময় অনুযায়ী তখন গভীর রাত। লন্ডনে ভারতীয় মিশনও প্রচার করবে মোদীর ‘মন কি বাত’।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে তাঁর দল বিজেপি প্রথম থেকেই দলীয় উদ্যোগেও প্রচার করে আসছে। দলের নেতাদের ‘মন কি বাত’ শোনা একপ্রকার বাধ্যতামূলক। শততম পর্বটি নিয়ে দল বিশেষ আয়োজন করেছে। আজ দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একশোটি করে বুথে সমর্থকদের বিশেষ জমায়েতের আয়োজন করেছে পদ্ম-শিবির।
আগামী বছর এই সময় লোকসভা ভোট নিয়ে ব্যস্ত থাকবে দেশ। রবিবার ‘মন কি বাত’-এর শততম অনুষ্ঠানটিকে সামনে রেখে বিজেপি কার্যত লোকসভা ভোটের আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। ওদিকে, কর্নাটক মজে বিধানসভা নির্বাচনে। ১০ মে সেখানে ভোট। সেই ভোটের কারণে বিরোধীদেরও আজ নজর থাকবে ‘মন কি বাত’-এ। যদিও বিগত ৯৯টি পর্বে প্রধানমন্ত্রী কখনও রাজনীতির কথা বলেননি, ক’দিন আগেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার সব রাজ্যের মতো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতার রাজভবনেও। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশিষ্টজনের মাঝে বসে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনবেন। আমন্ত্রিতের তালিকায় বিগত ৯৯ পর্বে প্রধানমন্ত্রী যাঁদের নাম উল্লেখ করেছেন তাঁদের কয়েকজন আছেন। প্রধানমন্ত্রী মোট পাঁচশোজনের নাম নিয়েছেন এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর এই হিন্দি ভাষণ ২৩টি ভারতীয় ভাষা এবং ২৯টি উপভাষায় অনুবাদ করে পাঠ করা হয়।