
শেষ আপডেট: 27 July 2023 09:20
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের রাজ্য রাজনীতিতে চর্চায় রয়েছে একটি 'লাল ডায়েরি' (Narendra Modi talks about red diary)! মরু রাজ্যের কংগ্রেস সরকার মন্ত্রী রাজেন্দ্র সিং গুধাকে বরখাস্ত করে। তারপরই প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র একটি লাল ডায়েরি দেখিয়ে দাবি করেছিলেন, তাতে নাকি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) কেলেঙ্কারি রয়েছে। এবার সেই 'লাল ডায়েরি'কে হাতিয়ার করেই রাজস্থানের কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজস্থানে একটি জনসভায় মোদী তাঁর ভাষণে বলেন, 'এই লাল ডায়েরিই কংগ্রেসের গোপন সত্য প্রকাশ করবে।'
মণিপুর ইস্যু নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে চুপ থাকতেই দেখা যায়। তবে বাদল অধিবেশন শুরুর দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর ইস্যুতে প্রথম মুখ খোলেন মোদী। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি। তবে সেদিনও প্রধানমন্ত্রীর নিশানায় ছিল রাজস্থান, ছত্তীশগড়ের মতো অবিজেপি শাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলা ও নারী সুরক্ষা প্রসঙ্গ। তিনি বলেছিলেন, নারী নির্যাতনের ঘটনা রাজস্থান, ছত্তিশগড় বা মণিপুরেরই হোক না কেন, আইনশৃঙ্খলা বজায় রাখা উচিত।
মোদীর এই বক্তব্যতে ঘোর আপত্তি জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজস্থানকে মণিপুর সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী রাজস্থানের আত্মসম্মানে আঘাত করেছেন। কিন্তু রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে তার আগেই বিধানসভায় সরব হয়েছিলেন রাজ্যের মন্ত্রী রাজেন্দ্র। তারপরই তাঁকে বরখাস্ত করে রাজস্থান সরকার।
বৃহস্পতিবার রাজস্থানের সিকারে গিয়ে প্রধানমন্ত্রী টেনে আনেন সেই লাল ডায়েরির প্রসঙ্গ। জনসভায় বলেন, 'লাল ডায়েরির নাম শুনলেই কংগ্রেসের বড় নেতাদের মুখ বন্ধ হয়ে যায়। এই লাল ডায়েরি জবাব আসন্ন নির্বাচনে রাজস্থান সহ গোটা দেশের মানুষ কংগ্রেসকে দিতে চলেছে।'
এদিন মোদীর ভাষণের পরতে পরতে ছিল লাল ডায়েরির কথা। তিনি বলেন, 'লাল ডায়েরি হল রাজস্থানে কংগ্রেসের মিথ্যার দোকানের নতুন প্রকল্প। এখানকার সরকার শুধু জনগণকে জনগণকে লুঠপাট করেছে। রাজস্থানবাসী কংগ্রেসের মিথ্যাচার মেনে নেবেন না।'
প্রধানমন্ত্রী ভাষণে এদিন যেমন ছিল 'লাল ডায়েরি' নিয়ে কটাক্ষ, তেমনই ছিল আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসবে, এম। আত্মবিশ্বাসের সুরও। অন্যদিকে, রাজস্থানের একটি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলটেরও থাকার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী আগেই জানান, তিনি আসবেন না। কারণ তাঁর নির্ধারিত ৩ মিনিট ভাষণে কাটছাঁট করে হয়েছে।
উল্লেখ্য, রাজস্থানের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক প্রথম একটি লাল ডায়েরি সামনে আনেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দেওয়ার জন্য এই ডায়েরিতে যা তথ্য আছে তা যথেষ্ট।
আরও পড়ুন: তোলপাড় মরুরাজ্য, রাজস্থানে রাজনীতির 'রেড ডায়েরি'তে কী আছে!