
শেষ আপডেট: 6 April 2023 07:01
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা, বিশেষ করে বামপন্থীরা বিজেপিকে (BJP) প্রায়ই হনুমানের (Hanuman) দল বলে কটাক্ষ, বিদ্রুপ করে থাকে। বৃহস্পতিবার দেশ হনুমান জয়ন্তী পালন করছে। বৃহস্পতিবারই বিজেপি দলের জন্মদিন পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দিল্লিতে দলের সদর দফতর থেকে গোটা দেশের দলের নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণে বিজেপির সঙ্গে হনুমান ভগবানের সাদৃশ্য তুলে ধরলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘হনুমানজি দুষ্টের দমন করেছেন। বিজেপির লড়াই ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী বলেন, 'দেশের স্বার্থে সরকার হনুমানের মতো সাহসিকতার সঙ্গে এগবে।’
প্রধানমন্ত্রী খোলাখুলি দাবি করেছেন, ২০২৪-এ ফের বিজেপিই সরকার গড়বে। তিনি বলেন, ‘ভোটের এখনও এক বছর বাকি। কিন্তু অনেকেই তো বলতে শুরু করেছেন, বিজেপিই ক্ষমতায় থাকবে। আসলে এতে তো কোনও সন্দেহ, সংশয় নেই।’ মোদীর দাবি, ‘সরকারের ভাল কাজের কারণেই বিজেপি অগ্রযাত্রা অক্ষুণ্ণ থাকবে।’
বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী ইদানীং দুর্নীতি বিনাশকে সবচেয়ে বড় হাতিয়ার করেছেন। বলেছেন, তিনি দুর্নীতি বিনাশে নেমেছেন বলেই বিরোধীরা তাঁকে পাল্টা নিশানা করেছে। কিন্তু তিনি থামবেন না। দেশকে দুর্নীতিমুক্ত করে ছাড়বেনই। বৃহস্পতিবারের ভাষণ জুড়েও ছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ।
রাজনৈতিক মহলের মতে, এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হাত শক্ত করেছে সুপ্রিম কোর্টের বুধবারের রায়ও। ১৪ বিরোধী দলের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ১৪ দল মামলায় নালিশ করেছিল ইডি, সিবিআইকে বিরোধীদের হেনস্থা করার উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। শীর্ষ আদালত বলেছে, দুর্নীতির তদন্তে নেতাদের জন্য পৃথক নিয়ম থাকতে পারে না।
সুপ্রিম কোর্টের রায়ের আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার প্রধানমন্ত্রী সিবিআইয়ের সদর দফতরের অনুষ্ঠানেও দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তদন্তকারীদের উদ্দেশে বলেন, ‘দুর্নীতির তদন্তে পিছিয়ে গেলে চলবে না। তদন্তে ভয় পাবেন না। সরকার আপনাদের পাশে আছে।’
প্রধানমন্ত্রী আজ দলকে দিশা দিতে গিয়ে দুটি নতুন শব্দ ব্যবহার করেছেন। বলেছেন, বিজেপির লক্ষ্য হবে ‘জনকল্যাণ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা।’ প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘বিজেপিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই করতে হবে জনকল্যাণে।’ এই লক্ষ্যপূরণে সামাজিক মাধ্যমকে আরও বেশি করে ব্যবহারের পরামর্শ দিয়েছেন দলকে।