
শেষ আপডেট: 10 May 2023 10:19
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন রাজস্থানে আছেন। মরুরাজ্যের নাথদ্বয়ারায় বুধবার প্রধানমন্ত্রী ভারত সরকারের তরফে জাতীয় সড়ক ও রেল মিলিয়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন।
সরাসরি এই অনুষ্ঠানে রাজস্থানের রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। অনুষ্ঠানের আয়োজক ভারত সরকার। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বুধবার সেই অনুষ্ঠান মোদী মোদী স্লোগানে (Narendra Modi slogan) মুখরিত হল, তাই শুধু নয়, কংগ্রেসের মুখ্যমন্ত্রী গেহলটকে ভাষণের মধ্যে বারে বারে বাধার মুখে পড়তে হল (Congress leader Ashok Gehlot's meeting in Karnataka)।
বুধবার কর্নাটকে বিধানসভার নির্বাচনের জন্য ভোট নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান অনেক টেলিভিশন চ্যানেল লাইভ টেলিকাস্ট করে। বিরোধীদের অভিযোগ, কর্নাটকে শেষ মুহূর্তে বুথমুখী ভোটারের মন জয় করতেই পরিকল্পনা করে বিজেপি মোদী মোদী স্লোগান দিতে সরকারি অনুষ্ঠানে মার্কামারা কর্মীদের ঢুকিয়ে রেখেছিল।
রাজস্থানের সেই অনুষ্ঠান আজ মনে করালো দু বছর আগে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জয়ন্তী পালন এবং গত বছর হাওড়া স্টেশনে প্রধানমন্ত্রীর বন্দেভারত ট্রেন এবং ঠাকুরপুকুর তারাতলা মেট্রো উদ্বোধন অনুষ্ঠানে বিজেপির কর্মী সমর্থকদের বিশৃঙ্খলা তৈরির দৃশ্য।
প্রথম অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমন্ত্রিত বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে ওঠা মাত্র 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন দর্শকদের একাংশ। হাওড়ার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হওয়া মাত্র জয় শ্রীরাম স্লোগান ওঠে। প্রথম অনুষ্ঠানে মঞ্চ থেকে নেমে যান মুখ্যমন্ত্রী। পরের অনুষ্ঠানে মঞ্চে ওঠেননি তিনি। তবে অনুষ্ঠান বয়কট করেননি।
বুধবার রাজস্থানে দেখা গেল ভারত সরকারের অনুষ্ঠানে বহু মানুষ বিজেপির পতাকা হাতে হাজির। মঞ্চে মুখ্যমন্ত্রী গেহলট ওঠা মাত্রই মোদী মোদী বলে চিৎকার জুড়ে দেন বিজেপি সমর্থকেরা।
দ্বিতীয়বার ফের স্লোগান ওঠে গেহলট ভাষণ শুরু করলে। টানা চলতে থাকে মোদী মোদী স্লোগান। তবে তাতে বিন্দুমাত্র না দমে ভাষণ চালিয়ে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীকেও এদিন ভিন্ন ভূমিকায় দেখা যায়, যা কলকাতা ও হাওড়ায় দেখা যায়নি। বেশ কয়েকবার ইশারায় লোকজনকে স্লোগান থামাতে অনুরোধ করতে দেখা যায় তাঁকে। যদিও তাতে তৎক্ষণাৎ কাজ হয়নি।
অনুষ্ঠান শেষে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদেরও বলার সুযোগ দেওয়া দরকার।
অমিতের অনুষ্ঠানে লাগাতার নেই দিলীপ, সব কুশল কিনা কৌতূহল দলেই