
শেষ আপডেট: 5 March 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: তিনদিনের মাথায় ফের কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধেবেলা শিশুমঙ্গল হাসপাতালে যান তিনি।রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজ ভর্তি রয়েছেন এই হাসপাতালে। মনে করা হচ্ছে তাঁকেই দেখতে গেছেন প্রধানমন্ত্রী।
কলকাতা সফরে প্রধানমন্ত্রী, শহরে পা রেখেই গেলেন শিশু মঙ্গল হাসপাতালে। দক্ষিণ কলকাতার হাজরা এলাকায় কড়া নিরাপত্তা। #NarendraModi #kolkatadiaries #southkolkata #Thewallbangla pic.twitter.com/Ell25ACaTh
— The Wall (@TheWallTweets) March 5, 2024
গত বছর সেপ্টেম্বরের মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন স্বামী স্মরণানন্দজি মহারাজ। তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার উন্নতি হলে নরেন্দ্রপুরে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিছুদিন আগে ফের তিনি অসুস্থ হলে পুনরায় পিয়ারলেস হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে তাঁকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিন হাসপাতালে প্রধানমন্ত্রী ঢোকার পরেই তাঁকে দেখতে পেয়ে জয় শ্রী রাম ধ্বনি দেন অনুগামীরা।
মোদীকে দেখেই হাসপাতাল চত্বরে জয় শ্রীরাম ধ্বনি তোলেন সমর্থকরা#TheWallBangal #NarendraModi #BJP #kolkatanews pic.twitter.com/fLxqMGOlJN
— The Wall (@TheWallTweets) March 5, 2024
বুধবার রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূ্ত্রে দেশে প্রথম নদীর নীচ দিয়ে রেল চলাচলের সূচনা করবেন। একইসঙ্গে বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনের।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত যা ঠিক আছে, তাতে সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ এই সব প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালিও এই প্রকল্পগুলির সূচনা করবেন তিনি। কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের পরিকল্পনা মতো গঙ্গার তলা দিয়ে মেট্রো চেপে মোদী যাবেন কিনা, তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। এদিন দুপুরে বারাসতেও সভা রয়েছে প্রধানমন্ত্রীর।