
শেষ আপডেট: 16 August 2023 05:11
দ্য ওয়াল ব্যুরো: বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিন। ২০১৮-এর এই দিনে প্রয়াত (death anniversary) হন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী বাজপেয়ী। বিগত কয়েক বছরের মতো এবারও দিল্লিতে অটলের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন (tribute to Vajpayee) করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। এছাড়া রাজনাথ সিং, অমিত শাহ-সহ অনেক কেন্দ্রীয় মন্ত্রী হাজির ছিলেন প্রধানমন্ত্রীর (Narendra Modi) শ্রদ্ধা নিবেদনের সময়।
লক্ষণীয় হল, প্রধানমন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপনের সময় সেখানে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী প্রফুল প্যাটেল, বিহারের হিন্দুস্থান আওয়াম পার্টির জিতনরাম মাঝি এবং উত্তর প্রদেশের আপনা দল (সোনাওয়াল) গোষ্ঠীর নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল উপস্থিত ছিলেন।

বিজেপি সূত্রের খবর, এনডিএ-র ৩৮ শরিক দলকেই বুধবার অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিনে বিজয়ঘাটে উপস্থিত থাকতে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকলেই নিজের নিজের রাজ্যে অনেক রাত পর্যন্ত ব্যস্ত ছিলেন। ফলে দিল্লি ফেরা সম্ভব হয়নি। তাই আলোচনা চলছে বাজপেয়ীর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে এনডিএ-র তরফে দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র মূল চালিকা শক্তি ছিলেন বাজপেয়ী। তাঁর মুখ চেয়ে বহু অবিজেপি দল এনডিএ যোগ দেওয়াতেই কংগ্রেসকে দিল্লির গদি ছাড়া করতে সক্ষম হয় বিজেপি। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর বিজেপি নেতৃত্বের সঙ্গে শরিক নেতাদের দূরত্ব তৈরি হতে থাকে। চার বছরের মাথায় ২০১৮ সালে এনডিএ অনেকটাই ভেঙে যায়। ২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে এবার নরেন্দ্র মোদীই এনডিএ-কে জোড়া দেওয়ার কাজ হাতে নিয়েছেন। তেলেগু দেশম পার্টি, অকালি দলের মতো অনেক বড় দলকে এখনও শামিল করা না গেলেও ৩৮টি ছোট-বড় পার্টিকে নিয়ে ফের ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সকে শক্তিশালী করার চেষ্টা শুরু হয়েছে।
আরও পড়ুন: মোদী-শি বৈঠকের আগে ভারত-চিন সীমান্ত আলোচনায় অগ্রগতি হল না