
শেষ আপডেট: 23 August 2023 13:23
দ্য ওয়াল ব্যুরো: বুধ সন্ধেয় চন্দ্রযানের চাঁদে অবতরণের সময়ে ইসরোর সরাসরি সম্প্রচারে বিক্রম ল্যান্ডারের পাশে অর্ধেক স্ক্রিন জুড়ে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। চন্দ্রযান (Chandrayaan 3) সফল ভাবে চাঁদে অবতরণ করতেই কালবিলম্ব না করে জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'চোখের সামনে এভাবে ইতিহাস তৈরি হওয়া যখন আমরা দেখতে পাই, জীবন ধন্য হয়ে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এই মুহূর্ত উন্নত ভারতের শঙ্খনাদের, এই মুহূর্ত ভারতের জয় ঘোষণা করছে। এই মুহূর্ত জয়ের চন্দ্রপথে চলার মুহূর্ত।'
চন্দ্রযানের চাঁদে অবতরণের (Chandrayaan-3 Moon Landing) মুহূর্তে গত বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ইসরো দফতরে ছিলেন না। ব্রিকস সম্মেলনের জন্য তিনি রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। চন্দ্রযানের অবতরণের মুহূর্তে সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইসরো কন্ট্রোল রুমের সঙ্গে জুড়ে ছিলেন প্রধানমন্ত্রী। সমগ্র দেশবাসীর সঙ্গে তিনিও চন্দ্রযানের চাঁদে অবতরণ দেখেন।
চন্দ্রযান চাঁদে অবতরণ করতেই ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ঘোষণা করেন, ‘ভারত চাঁদে পৌঁছেছে। সফ্ট ল্যান্ডিং করতে পেরেছে চন্দ্রযান।’ ইসরো চেয়ারম্যান এই দু'লাইন বলেই প্রধানমন্ত্রীকে কিছু বলতে বলেন।
প্রধানমন্ত্রীর কথায়, ভারত চাঁদের এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে পৃথিবীর আর কোনও দেশ পৌঁছতে পারেনি। আজ থেকে চাঁদকে নিয়ে মিথ, নানা প্রবাদ বদলে যাবে। আমরা পৃথিবীর লোকেরা চাঁদকে মামা বলি। আগে বলা হত, চাঁদ মামা অনেক দূরকে হ্যায়। এর পর এমন একটা সময় আসবে যখন ছোট ছেলেমেয়েরা বলবে চাঁদ মামা একটা ট্যুর মাত্র।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ভবিষ্যতের জন্য আমাদের আরও কর্মসূচি রয়েছে। সূর্যের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য ইসরো শীঘ্রই আদিত্য-এলওয়ান মিশন শুরু করতে চলেছে। এবার শুক্র গ্রহও ইসরোর কর্মসূচিতে রয়েছে। হিউম্যান ফ্লাইট মিশনের প্রস্তুতিও চলছে। ভারত বারবার প্রমাণ করছে, দেশের সাফল্যের কোনও সীমা নেই।
প্রধানমন্ত্রীর কথায়, “আজকের এই দিন দেশ চিরকাল মনে রাখবে। এই দিন আমাদের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে। হেরে গিয়েও কীভাবে জিতে ফিরে আসা যায় তা আজকের দিন মনে করাবে। তাই আবারও ইসরোর সমস্ত বৈজ্ঞানিকদের ধন্যবাদ ও অভিনন্দন।”
আরও পড়ুন: চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান! ইতিহাস গড়ল ভারত, বিশ্বের প্রথম দেশ চাঁদের দক্ষিণ মেরুতে