
শেষ আপডেট: 13 August 2023 05:14
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে তাঁর সোশ্যাল মিডিয়ার ডিপি (Facebook Whatsapp Twitter DP) তথা ডিসপ্লে পিকচার (Display Picture) বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর মুখের পরিবর্তে জাতীয় পতাকার ছবি লাগিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশবাসীর প্রতি আবেদন বলেছেন, “হর ঘর তিরঙ্গা (Har Ghar Tiranga) নামে যে অভিযান শুরু হয়েছে, তাঁর সঙ্গে একাত্মতা জানাতে আপনারাও সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে দিন। এতে দেশের সঙ্গে আমাদের বন্ধন আরও মজবুত হবে।”
স্বাধীনতা দিবসের আগে 'হর ঘর তিরঙ্গা' নামে একটি উদ্যোগ শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার সেই অভিযানের সূচনা করেছেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। জাতীয়তাবাদের হাওয়া সরকারের দিকে টানতেই এই উদ্যোগ বলে অনেকে মনে করছেন। তাঁদের মতে, কোভিডের সময়ে থালা বাজানো বা সোশ্যাল মিডিয়ায় ডিপি বদলানোর ডাক—সবটাই সেই বৃহত্তর উদ্দেশের অঙ্গ।
দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর এই আহ্বান নিয়ে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, “এটা একটা সাধু উদ্যোগ। প্রতি বছরই কোটি কোটি মানুষ স্বাধীনতা দিবসের দিন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। স্কুলে স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাড়ায়, ক্লাবে, আবাসনে জাতীয় পতাকা উত্তোলনে আবাসিকরা যোগ দেন। প্রধানমন্ত্রী তার সঙ্গে ডিপি বদলানোর ব্যাপারটা জুড়লেন। কিন্তু তাতে কি রান্নার গ্যাসের দাম কমবে?”

অধীর আরও বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ডিপি চেঞ্জ করলে দেশের সঙ্গে আমাদের বন্ধন আরও মজবুত হবে। তার মানে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কি দেশের সঙ্গে দেশবাসীর আবেগের বন্ধন মজবুত ছিল না?" তাঁর কথায়, আমি বলব না যে কেউ প্রধানমন্ত্রীর কথা শুনবেন না। কারও ইচ্ছা হলে ডিপি বদলাতেই পারেন। তা ভাল কথা। কিন্তু এও বুঝতে হবে যে এটা হল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশে যখন কর্মসংস্থানের অভাব, গরিবের হাতে কাজ নেই, মূল্যবৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠছে, তখন প্রধানমন্ত্রী নিয়ম করে একটা খেলনা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন। আসল সমস্যার সমাধান উনি করছেন না।"
উটিতে আদিবাসী নাচে মাতলেন রাহুল, গায়ে চাপালেন টোডা উপজাতির ঐতিহ্যবাহী শাল