
শেষ আপডেট: 15 August 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: দশ বছর টানা সরকার চালানোর পর এই প্রথম সমষ্টিগত বিরোধিতার মুখে পড়েছে কেন্দ্রে বিজেপি সরকার। কংগ্রেস, তৃণমূল সহ ২৬টি বিরোধী দলের জোট (INDIA alliance) ঐক্যবদ্ধ ভাবে সংসদের ভিতরে ও বাইরে চেপে ধরেছে গেরুয়া দলকে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটকে বিঁধতে মুখ্যত তিনটি বিষয়কে আক্রমণে সূচিমুখ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
মঙ্গলবার স্বাধীনতা দিবসে (Independence Day) লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বক্তৃতায় তিনি বলেন, “দেশের জন্য তিনটি বিষয় সবচেয়ে অশুভ। দুর্নীতি, পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতি। এই তুষ্টিকরণ দেশের চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছে। এই তোষণ হত্যা করেছে সামাজিক ন্যায়বিচারকে।”

প্রধানমন্ত্রীর কথায়, “দেশে অমৃতকাল চলছে। এই কালখণ্ডে আগামী পাঁচ বছর হল সবচেয়ে সোনালি সময়। আমাদের খেয়াল রাখতে হবে যে সামান্যতম ভুল যেন না হয়।” এ কথা বলেই মোদী বলেন, দেশের রাজনীতিতে এখন অদ্ভূত একটা বিকৃতি এসেছে। পরিবারতন্ত্র দেশের রাজনীতিকে গ্রাস করতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে এরা নিজের পরিবারের ভাল ছাড়া আর কিছু বোঝে না। এরা দেশের মানুষের সুযোগ সুবিধা সব তাদের পরিবারের জন্য কেড়ে নিতে চায়।

প্রধানমন্ত্রীর এই বক্তৃতা শেষ হতেই লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন বলেন, “দেশের রাজনীতিতে যে বিকৃতি এসেছে তার প্রমাণ হল নরেন্দ্র মোদী নিজেই। তিনি এতটাই বিকারগ্রস্ত যে স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চকে বিজেপির মঞ্চ বানিয়ে ফেলেছেন।” অধীর আরও বলেন, “মোদীর কাছে সামাজিক ন্যায় বিচার মানে শুধু একাংশ মানুষের কল্যাণ। কিন্তু কংগ্রেস জওহরলাল নেহরুর সমাজতত্ত্বে বিশ্বাসী। সেই বিশ্বাস থেকেই কংগ্রেস দেশের গরিব মানুষের কাজ পাওয়ার অধিকারকে আইনি স্বীকৃতি দিয়ে মনরেগা প্রকল্প চালু করেছিল। খাদ্য সুরক্ষা আইন পাশ করেছিল সংসদে। তা কোনও জাতি ধর্ম দেখে করেনি।”
পর্যবেক্ষকদের মতে, এ নিয়ে কোনও সংশয় নেই ইন্ডিয়া জোটকে মোটেই হাল্কা ভাবে নিচ্ছেন না প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এও ঠিক যে আসন্ন লোকসভা ধর্মীয় মেরুকরণকে বড় অস্ত্র করতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী যেভাবে তুষ্টিকরণের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা থেকে ধারণা করা যেতে পারে যে এবার অভিন্ন দেওয়ানি বিধি তথা ইউনিফর্ম সিভিল কোডকে আইনি জামা পরানোর চেষ্টা করতে পারে সরকার।
আরও পড়ুন: আগামী বছর ফের আসব লালকেল্লায়, লোকসভার আগে রাজনৈতিক প্রত্যয় মোদীর