
শেষ আপডেট: 8 September 2023 15:33
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলে নিজের বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi and Seikh Hasina Meeting)। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। দুই দেশের রাষ্ট্র প্রধানের বৈঠকের দিকে তাকিয়ে ছিল দুই দেশের মানুষও। বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান, হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) শুক্রবার তিনদিনের সফরে ভারতে আসছেন। শুক্রবার দুপুরে দিল্লি এসে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। রীতি ভেঙে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন নরেন্দ্র মোদী।

বৈঠক শেষে বাংলায় টুইট করেন মোদী (Narendra Modi)। সেখানে তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের (Indo-Bangladesh Relation) অগ্রগতি খুবই সন্তোষজনক।' তারপরই তিনি উল্লেখ করেন কী কী বিষয়ে আলোচনা হয়েছে। মোদী লেখেন, 'আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।'
মোদীর এই টুইট নিয়ে কূটনৈতিক বিশেষজ্ঞদের মত, মোদী আসলে বোঝাতে চেয়েছেন তাঁর মেয়াদকালেই ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নতি হয়েছে, অগ্রগতি পেয়েছে। সেটাই বোঝাতে চেয়ে গত ৯ বছরের কথা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী।

শনিবার সকাল থেকে শুরু হবে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির দু ‘দিনের সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি ২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানান। দক্ষিণ এশিয়ার দেশ গুলির মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
শেখ হাসিনা ছাড়াও শুক্রবারই বিশ্বের আরও দুই রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক করবেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মাক্রোঁর সঙ্গে একান্ত বৈঠক সারবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক খুবই উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পরমাণু চুল্লি, দ্রুতগতির বিমান কেনার বিষয়ে দুই রাষ্ট্র প্রধানের কথা বলার বিষয় রয়েছে।
আরও পড়ুন: ক্রমে আন্তর্জাতিক অঙ্গনে হাসিনা কন্যা, দিল্লিতে মায়ের সঙ্গী পুতুল