
শেষ আপডেট: 8 September 2023 16:04
দ্য ওয়াল ব্যুরো: শনিবার শুরু হচ্ছে জি২০ সম্মেলন (G20 Summit 2023)। সেই বৈঠকে যোগ দিতেই ভারতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বিকেল গড়াতেই তাঁর বিমান এসে নামে দিল্লিতে। কিন্তু শনিবারের সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠকে বসছেন বাইডেন (Narendra Modi and Joe Biden)। রয়েছে নৈশভোজের ব্যবস্থাও। এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।
বৈঠকের প্রধান অ্যাজেন্ডা হল ভারত, আমেরিকা, তুরস্ক, ইজরায়েল ও সংযুক্ত আরব আমিশাহীর মধ্যে একটি বন্দরসংযুক্তিকরণ প্রকল্প। সূত্রের খরব এই বৈঠকে আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রেও জোর দেওয়া হবে। তার মধ্যে রয়েছে জিই জেট ইঞ্জিন, এম-৯ রিপার্স, ৬জি টেলি যোগাযোগ ইত্যাদি। তা ছাড়া পারমানবিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারেও আলোচনা হতে পারে।
এদিন সন্ধ্যা ৭টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁর ‘এয়ারফোর্স ওয়ান’। বাইডেনকে স্বাগত জানাতে হাজির ছিলেন, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী ভিকে সিংহ। আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন হোয়াইট হাউসের বাসিন্দা। মোদীর ও তাঁর সঙ্গীদের জন্য ওই হোটেলের ৪০০টি ঘর বুক করা হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনেই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, গত জুন মাসে মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময়ে জেট ইঞ্জিনের যৌথ উৎপাদন, এমকিউ-৯বি ড্রোনের অ্যাসেম্বলির বিষয়ে ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনা অনেকটাই এগিয়েছিল। মনে করা হচ্ছে এদিনের বৈঠকে সেই বিষয়েই আরও বিশদে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।
আরও পড়ুন: আমার মেয়াদে ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক এগিয়েছে, হাসিনার সঙ্গে বৈঠকের পরে মোদী