
স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম
শেষ আপডেট: 23 August 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আর্জি করলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশমতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। এবং পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। তাই রোগীস্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগদানের অনুরোধ করেন স্বাস্থ্যসচিব। তবে তাঁর আর্জিতে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেন কিনা, সেটাই এখন দেখার।
তিনি বলেন, ‘রাজ্যের দরিদ্রমানুষরা সম্পূর্ণ ভাবে সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। ক্যানসার, কার্ডিওলজির মতো একাধিক গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যহত হচ্ছে এই কর্মবিরতিতে’। তাই অবিলম্বে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য আরজি জানান পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসচিব।
আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দিয়ে দিল্লি, কল্যাণী এইমস-সহ বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা কাজে ফেরার কথা জানিয়েছেন। তবে সিবিআই তদন্তের গতি প্রকৃতি স্পষ্ট না হওয়া পর্যন্ত শীর্ষ আদালতের আবেদন রক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাংলার জুনিয়র ডাক্তারদের সংগঠন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
বৃহস্পতিবার রাতে ফ্রন্ট জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতি ইতিবাচক না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অর্থাৎ এখনই আন্দোলনের পথ থেকে সরে আসতে চাইছেন না পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডক্টরস জয়েন্ট অ্যাকশন ফোরামের তরফেও এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচারের দাবিতে আন্দোলন জারি থাকবে। এই আবহে তাঁরা কি সিদ্ধান্ত নেন, সেদিকেই সকলের নজর।