
শেষ আপডেট: 3 August 2022 13:49
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ চিন সাগর অঞ্চলে রীতিমতো যুদ্ধপরিস্থিতি জারি ছিল তাইওয়ানে (Taiwan) ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) সদ্য-সফর ঘিরে। শেষমেশ একদিনের সফর শেষ করে ফিরলেন মার্কিন হাউস স্পিকার।
সফর শেষের পরে ন্যান্সি পেলোসি এই প্রসঙ্গে বলেন, ‘তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আমি এবং মার্কিন প্রতিনিধিরা এসেছি। শান্তির বার্তা নিয়ে এসেছি আমরা। তাইওয়ানের জনগণের কথা শুনতে এসেছি। তাইওয়ানের থেকে শিখতে এসেছি, কীভাবে একসঙ্গে এগিয়ে যেতে পারি আমরা। করোনার সঙ্গে লড়াই করে সফল হয়েছে তাইওয়ান, সেই শুভেচ্ছাও জানাতে চাই তাদের। সেই সঙ্গে স্বাস্থ্য, অর্থনীতি, সুরক্ষা ও দেশ শাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সুনিশ্চিত করার জন্যও শুভেচ্ছা।’
ন্যান্সির এই তাইওয়ান সফর মোটেও ভাল চোখে দেখেনি চিন। ন্যান্সির তাইওয়ান সফর নিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিংপিং আগেই হুমকি দিয়েছিলেন, আমেরিকা যেন 'আগুন নিয়ে খেলা' না করে, তাহলে 'দেখে নেওয়া হবে।' শুধু তাই নয়, পেলোসির সফরের আগেই চিনের ২০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে রীতিমতো যুদ্ধপরিস্থিতি তৈরি করে। এমনটা হতে পারে আন্দাজ করে জাপানের বিমান ঘাঁটি থেকে ১৩টি মার্কিন যুদ্ধবিমানও তাইওয়ানে পৌঁছেছিল।
কূটনীতিকরা বলছেন আমেরিকায় প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পরেই স্পিকার ন্যান্সি পেলোসির অবস্থান। ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা তিনি। বিশ্ব রাজনীতির মহলে তিনি কট্টর চিন-বিরোধী বলেই পরিচিত। তিনি প্রথম থেকেই চিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার। এর আগেও চিন সফরে গিয়ে তিয়েনআনমেন স্কোয়ারে গিয়েছিলেন তিনি, বিদ্রোহীদের সঙ্গে কথা বলেছিলেন। এমনকি ভিন্ন মতের কারণে চিন যাঁদের নির্বাসন দিয়েছে, তাঁদের সঙ্গেও যোগাযোগ রয়েছে ন্যান্সির।
এদিকে চিন মনে করে, তাইওয়ান তাদেরই অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের স্বাধীনতাকামী মানুষের সঙ্গে লালফৌজের সংঘাত নতুন ঘটনা নয়। ফলে মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপেই সফরকে আমেরিকান সরকারের পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিত একটি উসকানি হিসেবেই দেখছে চিন। পর্যবেক্ষকরা মনে করছেন, চিনের অভ্যন্তরীণ রাজনীতি এখন যে অবস্থায় রয়েছে, তার উপর ন্যান্সি পেলোসির এই সফর যেন নতুন অস্বস্তি তৈরি করছে।
তবে শেষ পর্যন্ত নির্বিঘ্নে নিজের সফর সম্পন্ন করেন পেলোসি এবং তাইওয়ান ছাড়েন আজ। চিনা প্রেসিডেন্ট এর পরে ফের বলেন, বেজিংয়ের চোখ সর্বদা খোলা। আমেরিকার কোনও প্ররোচনাই অগ্রাহ্য করা হবে না।
একাধিক হুঁশিয়ারির পরেও ন্যান্সির তাইওয়ান সফর! কী করতে পারে চিন, উদ্বিগ্ন বিশ্ব কূটনীতি