
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 April 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও একজন। শনিবার রাতে চোপড়া থেকে জিয়াউল শেখ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুলিতলা পূর্ব পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে তিনি জড়িত ছিলেন। খুনের ছক তিনি কষেছিলেন। এই নিয়ে ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
এর আগে বাবা-ছেলে খুনে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের খবর, তিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জিয়াউলের নাম জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছিল জিয়াউল। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
ওয়াকফ অশান্তিতে মুর্শিদাবাদের একাধিক এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে গত শুক্রবার থেকে। সুতি, ধুলিয়ান থেকে শুরু করে সামশেরগঞ্জ, সর্বত্র উত্তপ্ত হয় পরিস্থিতি। মৃত্যু হয় তিনজনের। ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য।
জাফরাবাদ-সহ মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকার পরিস্থিতিই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে এদিন জানিয়েছে পুলিশ। দোকান-বাজার খুলছে। মানুষজন বের হচ্ছে রাস্তায়। জাফরাবাদের আশপাশে ক্যাম্প রয়েছে তিনটে। পরিস্থিতির ওপর নজর রয়েছে প্রশাসনের।