
শেষ আপডেট: 7 August 2022 06:36
দ্য ওয়াল ব্যুরো: দেশের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (CSIR) প্রধান পদে নিযুক্ত হলেন বিজ্ঞানী নল্লাথাম্বি কালাইসেলভি (Nallathamby Kalaiselvi)। ১৯৪২ সালে তৈরি হওয়া এই সংস্থার মাথায় প্রথম কোনও মহিলা বসলেন। যা সত্যিই একটি অবিস্মরণীয় ঘটনা। আগামী দুই বছর তিনি এই পদের দায়িত্ব সামলাবেন।
ভারতের ৩৮টি গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাদের তলায় নিয়ে এসেছে সিএসআইআর। বিজ্ঞানী শেখর মান্ডের অবসর নেওয়ার পর থেকেই এই পদ খালি ছিল। এপ্রিল মাসে তিনি অবসর নেন। সেই পদেই এলেন নল্লাথাম্বি।
লিথিয়াম আয়ন ব্যাটারির গবেষণা কাজের জন্য তিনি পরিচিত। বর্তমানে তিনি তামিলনাড়ুর সিএসআইআরের সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। সেখান থেকেই তাঁকে সিএসআইআরের প্রধানের পদে নিয়ে আসা হল।
একজন জুনিয়র বিজ্ঞানী হিসেবে এই প্রতিষ্ঠানেই নিজের কর্মজীবন শুরু করেছিলেন নল্লাথাম্বি। তাঁর দক্ষতার ফলে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানে তিনি সাফল্য পেয়েছেন।
তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার একটি ছোট শহর আম্বাসামুধরামের বাসিন্দা তিনি। এলাকারই এক তামিল স্কুলে পড়াশুনা তাঁর। ছোট থেকেই বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সেই আগ্রহের টানেই নিজেকে গড়ে তুলেছেন তিনি।
২৫ বছরেরও বেশি সময় ধরে নানা বিষয় নিয়ে তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। লিথিয়াম ও লিথিয়াম ব্যাটারি নিয়ে তাঁর গবেষণা আলাদাভাবে গুরুত্ব পায়। বর্তমানে তিনি সোডিয়াম-আয়ন/লিথিয়াম-সালফার ব্যাটারি এবং সুপারক্যাপাসিটরগুলির বিকাশে কাজ করছেন।
প্রবীণ এই বিজ্ঞানীর এখনও পর্যন্ত ১২৫টি গবেষণাপত্র রয়েছে এবং ছ'টি পেটেন্ট রয়েছে। যা এক কথায় অনবদ্য।
ভাবিনাকে পোলিও হারাতে পারেনি, অলিম্পিকের রুপো সোনায় বদলে গেল কমনওয়েলথে