দ্য ওয়াল ব্যুরো: বয়স যাই হোক না কেন, আট বা আশি, লকডাউন না মেনে রাস্তায় বেরোলেই পাকড়াও করবে পুলিশ। শুধু ধমকধামকেই মিলবে না রেহাই। লজ্জার মাথা খেয়ে রাস্তার মাঝেই কান ধরে ওঠবোস করতে হবে। যতক্ষণ না পুলিশ কর্তার মন ভরে, ততক্ষণ ওঠবোস করে যেতে হবে। পা ব্যথা হলে, ‘আর করব না’ বললে, তবে মিলবে ছাড়। এমন শাস্তি জারি হয়েছে নাগপুরে। পথচারীদের ওঠবোস করার ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোমবার থেকেই কার্ফু জারি হয়েছে মহারাষ্ট্রে। কোথাও কোথাও জারি হয়েছে ১৪৪ ধারা। পুলিশ জানিয়েছে, কার্ফুর তোয়াক্কা না করেই রাস্তায় বার হচ্ছিলেন লোকজন। মানা হচ্ছিল না সরকারি নিষেধাজ্ঞা। তাই কড়া হতে হয়েছে পুলিশকেই। রাস্তায় ঘুরে বেড়াতে দেখলেই পাকড়াও করা হবে সেই ব্যক্তি বা মহিলাকে। তারপরেই কান ধরে ওঠবোস।
মঙ্গলবার সকালে নাগপুরের রাস্তায় এমন ওঠবোসের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারাইটরা কেউ বলেছেন, না সুধরালে স্কুলের দিন মনে করিয়ে দেবে পুলিশ। আবার কারওর মন্তব্য, “আমরা সুস্থ থাকলেই দেশ সুস্থ থাকবে। লকডাউন না মানলেই সাজা দিক পুলিশ।”
https://twitter.com/ANI/status/1242353176667238400?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1242353176667238400&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fthe-buzz%2Farticle%2Fnagpur-police-punishes-curfew-violators-with-uthak-baithak-watch%2F568734
মঙ্গলবার সকাল অবধি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯২। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন। আবার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার খবর মিলেছে ২৭ জনের। এ দিনই মহারাষ্ট্র থেকে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। নতুন সংক্রামিত আরও চারজন। রাজ্যে করোনা আক্রান্তের বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে।
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দেশজুড়ে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৮টি জেলায় লকডাউন জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজ্যে রাজ্যে লকডাউন চালুর পরেও রাস্তায় নামতে দেখা গিয়েছে অনেক মানুষকে। আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। পঞ্জাবে লকডাউনকে কার্যকরী করতে কার্ফু জারি করেছে সরকার। কোনও কোনও রাজ্যে ১৪৪ ধারাও জারি করা হয়েছে।