
শেষ আপডেট: 26 February 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে রানাঘাটের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে রানাঘাট থানার আইসতলা থেকে সৌভিক ঘোষ ওরফে গুড্ডু নামের ওই যুবককে গ্রেফতার করে ডায়মন্ডহারবার জিআরপি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ডিসেম্বর মাসে নদিয়ার বাসিন্দা পার্থ মাইতির সঙ্গে ডায়মন্ডহারবার শাখার হোটর স্টেশনে বেশ কয়েকজনের আলাপ হয়েছিল। রাজ্য সরকারের কর্মচারী বলে তারা নিজেদের পরিচয় দিয়েছিল। পার্থ মাইতিকে তারা জানিয়েছিল গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করে দিতে পারে তারা। পার্থর বিশ্বাস অর্জন করেই টাকা হাতাতে শুরু করে। পরের পর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই ডায়মন্ডহারবার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন নদিয়ার বাসিন্দা পার্থ মাইতি। ঘটনার তদন্ত করতে গিয়ে রানাঘাটের এই তৃণমূল নেতার নাম সামনে আসে। রবিবার রাতে আইসতলা থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। গত পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা পরিষদের আসনে আইসতলা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন সৌভিক ঘোষ ওরফে গুড্ডু। সোমবার আদালতে পেশ করা হয় তাকে।