
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 December 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: আবাসে ঘর পেতে তৃণমূল কর্মীকে কাটমানি দিয়েছিলেন। কিন্তু সেই ঘর না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমনই তৈরি হয় যে রঘুনাথগঞ্জের ওই আবাস থেকে বঞ্চিতকে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত আতাবুর রহমান রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তাঁকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী মিঠুন শেখের বিরুদ্ধে। যদিও গোটা ব্যাপারটা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মী।
শনিবার সন্ধে বেলা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ওই ব্যক্তির মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় লোকজন প্রথমে তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর আহত আতাবুরকে আজ সকাল পাঁচটা নাগাদ এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকাল ন'টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, এর আগেও একাধিক জায়গায় আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদলের একাধিক কর্মীর বিরুদ্ধে। আবাসের তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভেও ফেটে পড়ছেন মানুষ। বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতা আনতে সমীক্ষার কাজ শুরু হয়েছে।
দ্রুত এই সমীক্ষার কাজ শেষ করতে জেলা জুড়ে নামানো হয়েছে মোট ৮০০টি দলকে। সমীক্ষার কাজ শুরু হতেই জেলায় জেলায় বিক্ষোভের খবর সামনে এসেছে।