
শেষ আপডেট: 9 April 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইন ঘিরে মঙ্গলবার দুপুরের পর উত্তাল হয়ে ওঠে জঙ্গিপুর। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনও রাস্তাঘাট থমথমে। রঘুনাথগঞ্জের রাস্তাঘাটও কার্যত শুনশান। আতঙ্কের ছায়া সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে বুধবার বহরমপুরে জমিয়তের ডাকে মহামিছিল।
বহরমপুর গির্জার মোড় থেকে শুরু হবে মিছিল, যা শেষ হবে টেক্সটাইল মোড়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিশাল প্রতিবাদ সভা ও মহামিছিলের ডাক দিয়েছে জেলা জমিয়তে উলামায়ে হিন্দ। রঘুনাথগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বহরমপুরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। জমিয়তের মিছিল ও সভা যাতে শান্তিপূর্ণ হয়, তারজন্য সজাগ রয়েছে পুলিশ।
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে জঙ্গিপুর। বিক্ষোভ মিছিল থেকেই জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দেওয়ায় বেঁধে যায় হুলস্থুল। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে জনতা। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগানো হয় একটি বেসরকারি গাড়িতেও। পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত হন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশ পিছু হটলেও পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং-মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্টত জানিয়েছে প্রশাসন। এর পাশাপাশি আগামী ১১ এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, জঙ্গিপুরের পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যাতে কোনও ভুল খবর বা গুজব না ছড়ান, সেই আর্জি জানিয়েছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে রঘুনাথগঞ্জে জারি করা হয়েছে ১৬৩ ধারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ। শহরের বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ। বহরমপুরে জমিয়তের মিছিল ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায় সে ব্যাপারেও সচেষ্ট রয়েছে পুলিশ।