
তারামায়ের মূর্তি
শেষ আপডেট: 18 December 2024 17:07
তারামায়ের পুজো দিতে এখন আর তারাপীঠ ছুটে যেতে হবে না। এলাকায় থেকেই ভক্তিভরে পুজো করা যাবে। সে কারণেই মুর্শিদাবাদের কান্দিতে প্রতিষ্ঠিত হল মা তারার বিশাল মূর্তি।
প্রতিবছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে মুর্শিদাবাদের কান্দিতে আয়োজন করা হয় তারা মায়ের পুজোর। তবে এবছর একটু হলেও আলাদা। প্রতিবছর নিষ্ঠা ভরে মায়ের পুজো হলেও এবার মায়ের মূর্তি প্রতিষ্ঠা হল।
কান্দি বিশ্রামতলা এলাকায় ৪৭ তম বর্ষে মা তারার পুজোর উদ্বোধন ও মাতৃমূর্তির প্রতিষ্ঠা করেন এলাকার বিধায়ক অপূর্ব সরকার। প্রতিবছর জেলার অসংখ্য মানুষ অগ্রহায়নের অমাবস্যা তিথিতে এখানে আসেন তারামায়ের পুজো দিতে। এবার থেকে ৩৬৫ দিনই পুজোর ব্যবস্থ্যা হল।
তারা মায়ের পুজা ঘিরে টানা ৭ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মূর্তি উদ্বোধনের আগে মণ্ডপের পাশে এলাকার ছেলেমেয়েদের নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজনও করা হয়।
এলাকার বিধায়ক জানান, ‘এই উৎসবে সব ধর্মের মানুষেরই অবাধ অংশগ্রহণ। সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে কান্দির প্রসিদ্ধ শহরে মা তারার পুজো ও নতুন মূর্তি প্রতিষ্ঠা হল। এতদিন মাটির মূর্তি ছিল। কিন্তু চলতি বছর রাজস্থান থেকে মায়ের মূর্তি এনে প্রতিষ্ঠা করা হল।’
তারামায়ের মূর্তি প্রচেষ্টার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। তাঁদের মতে, এখন আর কষ্ট করে তারাপীঠে ছুটে যেতে হবে না। ঘরের কাছেই মায়ের দর্শনের সুযোগ মিলবে।