
প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 August 2024 12:09
দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: শ্যালকের স্ত্রী বিবাহের প্রস্তাব খারিজ করতেই অগ্নিশর্মা জামাই। আগুন লাগিয়ে দিলেন শ্বশুরবাড়িতে। আরও তিনজনের সঙ্গে সেই আগুনে পুড়ে মরলেন তিনিও। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে সাগরদিঘির বাহালনগর গ্রামে।
অভিযুক্ত জামাইয়ের নাম রমজান শেখ। বছর দুয়েক আগে স্ত্রীর মৃত্যু হলেও শ্বশুরবাড়িতে আসা যাওয়া ছিল তাঁর। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি গিয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন রমজান। সেই প্রস্তাব নাকচ হতেই খেপে ওঠে রমজান। শুরু হয় তুমুল বচসা। আচমকাই শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন।
চিৎকার চ্যাঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত রমজান-সহ ছ’জন অগ্নিদগ্ধ হন। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে দ্রুত তাদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্য়ু হয় অভিযুক্ত রমজান-সহ মোট চারজনের। দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, তাঁদের অনুমান, অভিযুক্ত ওই ব্যক্তি সম্ভবত পেট্রোল ঢেলে শ্বশুরবাড়ির আত্মীয়দের পুড়িয়ে মারার চেষ্টা করেন।