
শেষ আপডেট: 26 October 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের ভয়াবহ গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদে সামসেরগঞ্জের ধানঘরা গ্রামে। শুক্রবার গভীর রাতে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল প্রায় ১৫০ মিটার জমি।
শুক্রবার রাত থেকেই ফুঁসছে গঙ্গা। বিধ্বংসী রূপ দেখে আতঙ্কে রাতের ঘুম ছুটে যায় বাসিন্দাদের। মাঝরাত থেকে নদী গ্রাস করতে শুরু করে জমি। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বাগানের ১০ টি লিচু গাছ, শৌচালয়, টিউবওয়েল। যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি বাড়িও।
দু'দিনের টানা বৃষ্টির পর গঙ্গার জলস্তর কমতেই হঠাৎ করে গঙ্গা ভাঙন শুরু হয়। ফলে গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। মধ্যরাতেই বাড়িঘর ফেলে আসবাবপত্র নিয়ে পালাতে শুরু করেন বাসিন্দারা। সারারাত আর কেউ চোখের পাতা এক করতে পারেননি। তাঁদের ঘরবাড়িও যে কোনও সময় তলিয়ে যেতে পারে গঙ্গাগর্ভে।
২০২০ সালে এই ধানঘরা গ্রামে গঙ্গা ভাঙন শুরু হয়। বিস্তীর্ণ এলাকার চাষের জমি ও বাস্তু তলিয়ে গিয়েছে। মাঝে কিছুদিন ভাঙন তেমন না হলেও, শুক্রবার রাতে ফের বিধ্বংসী হয়ে ওঠে গঙ্গা। গভীর রাতে লিচু বাগানের দিকে ভয়ানক ভাঙন শুরু হয়। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চোখের সামনেই তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। একাধিক লিচু গাছও তলিয়ে গেছে। গঙ্গার ধারে ঝুলে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। যেভাবে গঙ্গা ভাঙন চলছে, তাতে এর শেষ কোথায়, তার উত্তর খুঁজছেন বাসিন্দারা।