
শেষ আপডেট: 12 August 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আরজিকরে ছাত্রী মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ। এ রাজ্যেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে পরিষেবা ব্যহত হচ্ছে জেলায় জেলায়। তারই মধ্যে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল হল মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতাল চত্বর।
সূত্রের খবর, মুমূর্ষ অবস্থায় এই হাসপাতালে আনা এক রোগী চিকিৎসার অভাবে মারা যান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যতক্ষণে হাসপাতালে আনা হয়েছিল ততক্ষণে আর কিছুই করার ছিল না তাঁদের। মৃতের নাম পিয়ারুল শেখ (৩৫)।
মৃত ওই যুবকের বাড়ি বেলডাঙার মহেশপুর এলাকায়। তাঁর বাড়ির লোকের অভিযোগ, চারঘণ্টা ওপিডিতে অপেক্ষা করলেও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। এরপর ডাক্তার এলেও আর বাঁচানো যায়নি তাঁকে। পরিবারের এক সদস্য বলেন, “পিয়ারুলের মুখ দিয়ে রক্ত উঠছিল। শ্বাসকষ্ট হচ্ছিল। তাই সকাল ৮টা নাগাদ তাঁকে আমরা হাসপাতালে ভর্তি করি। কিন্তু ডাক্তার দেখতে আসেন সাড়ে ১২টা নাগাদ। ততক্ষণে ওঁর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শেষপর্যন্ত আর তাঁকে বাঁচানো যায়নি!”
আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিনদুয়েক ধরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে কর্মবিরতি। এর ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী ও রোগীর পরিবার। সোমবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নার্সিং ছাত্রীদের বিক্ষোভ মিছিল বের হয়। গোটা হাসপাতাল চত্বর পরিক্রমা করেন। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারা অবস্থান-বিক্ষোভে বসেছেন দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে।