
চন্দন সেনের ‘চৈতন্য বিমঙ্গল’
শেষ আপডেট: 30 August 2024 14:01
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: গত বছর খাঁড়া নেমেছিল দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় উৎপল দত্তর ‘ব্যারিকেড’ নাটকের উপর। এবার নবদ্বীপ পুরসভার নির্দেশে বন্ধ হল চন্দন সেনের ‘চৈতন্য বিমঙ্গল’ নাটকের মঞ্চায়ন।
নবদ্বীপ সায়ক নাট্যগোষ্ঠী চারদিনের নাট্যমেলার আয়োজন করে নবদ্বীপের রবীন্দ্রসংস্কৃতি মঞ্চে। সেখানেই মঞ্চস্থ হওয়ার কথা ছিল চৈতন্য বিমঙ্গল। সব টিকিটও বিক্রি হয়ে যায়। কিন্তু শেষবেলায় নবদ্বীপ পুরসভার নির্দেশে বন্ধ হয়ে যায় চৈতন্য বিমঙ্গল নাটকের অভিনয়। এই নাটকে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে দাবি করে নবদ্বীপ থানা ও নবদ্বীপ পুরসভায় অভিযোগ জানিয়েছিল গৌড়ীয় বৈষ্ণব সমাজ। তার ভিত্তিতেই অভিনয় বন্ধ করা হয় বলে জানিয়েছেন নবদ্বীপ পুরসভার পুরপ্রধান।
নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি প্রেমকুমার গোস্বামী বলেন, "শচী মায়ের সঙ্গে লক্ষ্মীপ্রিয়াদেবীর সুসম্পর্ক ছিল না, সে কারণেই তিনি ষড়যন্ত্র করে লক্ষ্মীপ্রিয়াদেবীর ঘরে সাপ ছেড়ে দিয়েছিলেন আর সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়াদেবীর মৃত্যু হয় বলে এই নাটকে দেখানো হয়েছে। এই বিকৃত ইতিহাস নবদ্বীপবাসীর ভাবাবেগকে আঘাত করছে। তাই আমরা পুর-চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছি। আমাদের আপত্তিকে মান্যতা দিয়েছে প্রশাসন।"
তবে নাট্যসংস্থার দাবি, নাটকটি না দেখেই ইতিহাস বিকৃতির অভিযোগ আনা হয়েছে। পরিচালক কৌশিক চট্টোপাধ্যায় জানান, এরকম কোনও দৃশ্যই নাটকে নেই। তাই তথ্য বিকৃতিরও কোনও প্রশ্নই নেই। না দেখেই নাটক বন্ধ করা হয়েছে।"
তবে নবদ্বীপের পুরপ্রধান বলেন, “আমি এত বিতর্কেই যাব না। যেখানে গৌড়ীয় বৈষ্ণব সমাজ বলছে এই নাটক চৈতন্যভক্তদের মনে আঘাত দেবে। সেখানে এই নাটক আমি মঞ্চস্থ হতে দিতে পারি না।” আয়োজনকারী নাট্যদল 'সায়ক'এরও বক্তব্য,নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব সমাজের আপত্তিতেই তাঁরা নাটক বন্ধ করতে বাধ্য হয়েছেন।