মুর্শিদাবাদের পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সেখানে পুলিশ সুপারকে (Police Super) বদলি করা হয়। বদলে নিয়ে আসা হয় আইপিএস কুমার সানি রাজকে। সম্প্রতি ডোমকলের একটি অনুষ্ঠানে তাঁরই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এসপি কুমার সানি রাজ
শেষ আপডেট: 31 May 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad) এবং জঙ্গিপুর (Jangipur) এলাকা। সেই আবহে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সেখানে পুলিশ সুপারকে (Police Super) বদলি করা হয়। বদলে নিয়ে আসা হয় আইপিএস কুমার সানি রাজকে (IPS Kumar Sunny Raj)। সম্প্রতি ডোমকলের একটি অনুষ্ঠানে তাঁরই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, তিনটে চারটে গাড়ি নিয়ে ঘুরে বেড়ালেই কেউ কেউকেটা হয়ে যান না। সরকারের সামনে একা কোনও ব্যক্তিই বড় হোতা হয়ে যান না। পুলিশ, প্রশাসন, নেতা, মন্ত্রীদের সমন্বয়েই তৈরি হয় একটা সরকার।
Very interesting comment by #Murshidabad Sp SunnyRaj
You may roam around with three to four cars and think of yourself as an important person—but don’t think along those lines. Who are you in front of the government? We are all part of the same administration. No individual is… pic.twitter.com/nqTv1ebtUh— Kamalika Sengupta (@KamalikaSengupt) May 31, 2025
ডোমকলের (Domkal) এক রক্তদান শিবির অনুষ্ঠানের মঞ্চে তখন মান্যি-গন্যি মানুষের উপস্থিতি। পোডিয়ামের সামনে মাইক হাতে মুর্শিদাবাদের এসপি কুমার সানি রাজ। শুরুটাই করলেন এই বলে, "আপনারা তিনটে চারটে গাড়ি নিয়ে ঘুরতে পারেন। ভাবতে পারেন এলাকায় আমি বড় লোক (মানুষ)। ভাই সরকারের সামনে কে আপনি? সরকারের সামনে কোনও একজন মানুষের কোনও ক্ষমতা আছে নাকি? নেই। এমএলএ, এমপি, পুলিশ, সকলকে নিয়ে তৈরি হয় সরকার। একটা প্রশাসন চলে। একজন, দু'জন, তিনজন সরকারের থেকে বড় হতে পারে কি?"
ডোমকলে গুন্ডাবাহিনীর লম্ফঝম্প নিয়েও কথা বলতে ছাড়েননি তিনি। এই দৌরাত্ম্য যে পুলিশ একেবারে বরদাস্ত করবে না, সেটা মনে করিয়ে দিয়ে এসপি বলেন, "এখানে একটা মস্তানির প্রবৃত্তি আছে। এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে। অনুষ্ঠানে অনেক লোক এসেছেন। বাইরে গিয়ে চা খেতে খেতে আলোচনা করবেন, আজ এসপির কথা শুনলাম, এই বললেন, ওই বললেন... নিশ্চয়ই আলোচনা করবেন। আমি এসেছিই তো এই কারণে। যাতে আমার কথা শুনে আরও পাঁচ জনকে বলেন।" এরপরই এসপির কথা শেষ না করতে দিয়ে হাততালি দিয়ে ওঠেন উপস্থিত জনতা।
তিনি আরও বলেন, "আমি কোনও সুপারিশ নিয়ে এখানে আসিনি। নিজের ক্ষমতায় এসেছি। থাকব। ডোমকল যেরকম আগে ছিল, তেমনই শান্তিপূর্ণ থাকবে।" এসপি বুঝিয়ে দেন, শান্তি রক্ষায় এই দায়িত্ব শুধু যে পুলিশের বা তাঁর একার, সেটা নয়। এলাকার মানুষজনকেও সচেতন হতে হবে দায়িত্ব নিতে হবে।