
শেষ আপডেট: 10 July 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নওদা থানার শিবনগর উত্তরপাড়া এলাকায়। মৃতের নাম রেণুকা বিবি (২৮)। অভিযুক্ত স্বামীর নাম আবুল বাশার শেখ। খুনের কারণ নিয়ে কিছু বুঝতে পারছে না মৃতের বাপের বাড়ির আত্মীয়রা।
আত্মীয়রা জানিয়েছেন, রেণুকার বাপেরবাড়ি নদিয়ার তেহট্ট থানা এলাকার ফতায়পুর গ্রামে। ১৬ বছর আগে নওদার বাসিন্দা আবুল বাশারের সঙ্গে বিয়ে হয়। তাঁদের ১১ বছরের এক কন্যাসন্তান রয়েছে। মঙ্গলবার রাতে উত্তরপাড়া এলাকার মাঠে খেলা চলছি। সেখানে খেলা দেখছিলেন স্থানীয়রা। তাঁরা জানতে পারেন আবুল বাশার স্ত্রীর উপর হামলা চালিয়েছে। তাঁকে কুপিয়েছে। খেলামাঠ ছেড়ে প্রতিবেশীরা ছুটে যান আবুলুবাশারদের বাড়িতে। রক্তাক্ত রেণুকাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার শুরু হাওয়ার কিছুক্ষণের মধ্যে রেণুকার মৃত্যু হয়।
রেণুকার দাদা জানিয়েছেন, কেন আবুল বাশার বোনকে এভাবে কেন খুন করল, সেবিষয় তাঁরা কিছু জানেন না। বোন ও ভগ্নিপতির মধ্যে কোনও ঝামেলা ছিল না। প্রতিবেশীরাই তাঁদের ফোন করে বোনের বিষয়ে খবর দিয়েছিল। যদিও ওই যুবক অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছেন। ইতিমধ্যেই নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাপেরবাড়ির আত্মীয়রা। অভিযুক্ত স্বামী এখনও পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।