
শেষ আপডেট: 26 December 2024 19:03
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পরীক্ষার রেজাল্ট না দিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়ার অভিযোগে শিক্ষক শিক্ষিকাদের তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
বৃহস্পতিবার সকালে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় হরিহরপাড়ার নিশ্চিন্তপুর হাইস্কুলে। অভিযোগ ১৯ ডিসেম্বর পড়ুয়াদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। রেজাল্ট না দিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ভর্তির জন্য অতিরিক্ত স্কুল ফি নেওয়া হচ্ছে এবং ভর্তির কোনও রশিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।
রেজাল্ট না দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করায় ক্ষোভ বাড়তে থাকে অভিভাবকদের। স্কুলের সামনে এসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। শিক্ষকদের ভিতরে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয় স্কুলের গেটে। স্কুলের পঠনপাঠনের অবনতি ও মিডডে মিলে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেও সরব হন অভিভাবকরা। পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয়। প্রধান শিক্ষক সুব্রত রায় এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন। এব্যাপারে স্কুলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।