
মুর্শিদাবাদ মেডিক্যালে ৭ সদস্যের তদন্ত কমিটি
শেষ আপডেট: 20 September 2024 13:33
দ্য ওয়াল ব্য়ুরো, মুর্শিদাবাদ: আরজি করের কাণ্ডের পরে 'থ্রেট কালচার' নিয়ে অভিযোগ উঠেছে। মেডিক্যাল কলেজেগুলিকে সিন্ডিকেটের দাদাগিরি রুখতে সরব জুনিয়র ডাক্তাররাও। ইতিমধ্যেই 'থ্রেট কালচার'-এর সঙ্গে যুক্ত ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণী মেডিক্যাল কলেজ। কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবার সিন্ডিকেটের দাদাগিরি রুখতে তদন্ত কমিটি গঠন করল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। এবিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছেন মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ অধ্যক্ষ। এই তদন্ত কমিটিতে থাকছেন সাতজন সদস্য।
এই কমিটিতে একজন আহ্বায়ক, একজন চেয়ারপার্সন ও পাঁচজন সাধারণ সদস্য থাকছেন। মেডিক্যাল কলেজের ডিনও এই তালিকায় রয়েছেন। বিভিন্ন বিভাগীয় প্রধানরাও থাকছেন সেখানে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতর দুর্নীতি, হুমকি ও অপ্রীতিকর ঘটনার অভিযোগগুলির তদন্ত করবে এই কমিটি। গত ১৮ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে একটি নির্দেশিকা জারি করে।
আরজি করের ঘটনা সামনে আসার পরে মেডিক্যাল দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানে দুটি লবি নাম উঠে এসেছিল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এই দুটি লবির দাদাগিরির কথা উঠে আসে। বিষয়টি নিয়ে আগে অনেক বার স্বাস্থ্যদফতরে নালিশ গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তুলেছিলেন ডাক্তারদের একাংশ। 'থ্রেট কালচার'-এর অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেও ওঠে। তাই অভিযোগের সত্যতা যাচাই করতেই এবার তদন্ত কমিটি গঠন করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।