
শেষ আপডেট: 21 September 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আরজি কর নিয়ে প্রতিবাদ আন্দোলন এখনও চলছে। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে চিফ সেক্রেটারির সঙ্গে কথাও হয়েছে জুনিয়র ডাক্তারদের। এতকিছু পরেও সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার-নার্সদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এবার দিনেদুপুরে হাসপাতাল চত্বরে নার্সিং পড়ুয়াকে যৌন হেনস্থার চেষ্টা করার অভিযোগ উঠল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।
শুক্রবার হাসপাতালের ভিতর থেকে কলেজে ফিরছিলেন ওই নার্সিং পড়ুয়া। অভিযোগ, সেই সময় এক বহিরাগত যুবক ওই নার্সিং পড়ুয়াকে যৌন হেনস্থার করার চেষ্টা করে। চিৎকার শুরু করে দেন ওই পড়ুয়া। চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এলে ভয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। যদিও সে ধরা পড়ে যায়।
এরপরেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। চিকিৎসক থেকে নার্স সকলের অভিযোগ, অকারণে হাসপাতাল চত্বরে বহিরাগতদের আনাগোনা রয়েছে। আরজি করের ঘটনার পরেও সমস্যা মেটেনি। এই ঘটনার পরে আরও তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
শুক্রবার অভিযুক্ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম ডি নাসিম জানিয়েছেন বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।