
বেফাঁস তৃণমূল যুবনেতা রাজু মণ্ডল
শেষ আপডেট: 20 September 2024 12:39
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলন চলছে। দোষীদের খুঁজতে তদন্ত করছে সিবিআই। এবার ডাক্তারি পড়ুয়া ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল যুবনেতা। প্রকাশ্য মঞ্চে তিনি বলেন, ''তিলোত্তমার মৃত্যুর জন্য আমরাই দায়ী''। যুবনেতার এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদে।
বৃহস্পতিবার বিকেলে ডোমকলের পুরনোর বিডিও মোড়ে সংখ্যালঘু সেলের একটি আলোচনা সভা ছিল। সেখানেই বক্তব্য রাখছিলেন রাজু মণ্ডল নামে ওই নেতা। সেখানে তিনি বলেন, "আজ তিলোত্তমার মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী। গত এক মাস জুনিয়ার ডাক্তাররা আন্দোলনে নামার ফলে রাজ্য ৩৪টা মৃত্যু ঘটেছে। এ মৃত্যুর দায়ে নেবে কে?"
শুধু তাই নয়, এদিন সিপিএম ও বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন রাজু। এ প্রসঙ্গে তিনি বলেন, ''গত একমাস ধরে কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে বিভিন্ন রটনা চলছে। মুখ্যমন্ত্রীর একটাই বক্তব্য ছিল, যে যদি কোনও ধর্ষণ হয়ে থাকে, তাহলে দোষীর শাস্তি হোক। কিন্তু এই ঘটনা নিয়ে সারা রাজ্যে সিপিএম-বিজেপি রটনার রাজনীতি করল, সেটা গোটা ভারতবর্ষ দেখছে।''
যুবনেতার এই বক্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও। কংগ্রেস নেতা তৌহিকুল ইসলাম বলেন, "এত জলঘোলা করার প্রয়োজন ছিল না। অবশেষে তৃণমূল বন্ধু সত্যি কথাটা মেনেই নিলেন। তাঁকে অসংখ্য ধন্যবাদ।"
সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান বলেন, "তৃণমূল এই নেতার রাজনৈতিক যে সৎ উদ্দেশকে সাধুবাদ জানান। অন্তত স্বীকার করার সৎ সাহস দেখিয়েছেন। আসলে তো এই ঘটনার জন্য তৃণমূল দায়ী। সিবিআই তদন্তে যা যা বেরিয়ে এসেছে তার জন্য অবশ্যই তৃণমূল দায়ী। এতদিন তৃণমূল নেতারা এটা স্বীকার করছিলেন না। সে যুবনেতাকে অনেক ধন্যবাদ, যিনি এটা স্বীকার করলেন।"
তবে এই নিয়ে তৃণমূলের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রিণ্টু মণ্ডল বলেন, "এটা ভুল করে হয়ে গেছে, এটা শুধরে নেওয়ার চেষ্টা করব।"