
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 December 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল। শনিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি।
জানা যাচ্ছে, ইতিমধ্যে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের অন্যান্য সদস্য। তবে অভিযুক্ত এখনও পলাতক। এলাকার লোকজনের সূত্রে খবর, আহত যুবকের নাম হাসানুর শেখ। মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার বাসিন্দা। যে মহিলার সঙ্গে হাসানুরের বিয়ে হয়, এটি তাঁর দ্বিতীয় বিয়ে।
পরিবারের দাবি, এই বিয়েও সুখের হয়নি। প্রায়ই দু'জনের মধ্যে ঝামেলা-অশান্তি লেগে থাকত। শুক্রবার রাতে হাসানুরের চিৎকারে প্রতিবেশীরা তাঁর বাড়িতে ছুটে গিয়ে দেখেন, রক্তারক্তি কাণ্ড। বিছানা ভেসে গিয়েছে রক্তে। ব্যাপক যন্ত্রণায় পাগলের মতো করছেন।
এই অবস্থা তাঁর কী করে হল জিজ্ঞেস করায় ঘটনার কথা সামনে আসে। ওই ব্যক্তি জানান, যখন তিনি ঘুমোচ্ছিলেন সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গে কোপ বসিয়ে দেন স্ত্রী। এদিকে, ততক্ষণে হাসানুরের স্ত্রী পালিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, প্রথমে আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় তাঁকে। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।