
শেষ আপডেট: 25 September 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: এ বছর ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ। সেই পুজোর অনুমতি দিতে নারাজ জেলা প্রশাসন। তাই মামলা গড়াল আদালতে। শেষপর্যন্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জেলাশাসকের উপরেই ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। ২৪ ঘণ্টার মধ্যে নদিয়ার জেলাশাসককে ১১২ ফুটের এই দুর্গাপ্রতিমা নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন বিচারপতি। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই হবে পরবর্তী শুনানি।
পুজো উদ্যোক্তাদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম এদিন এজলাসে জানান, প্রায় ৫০ বছর ধরে দুর্গাপুজো করছে ওই ক্লাব। কোনওবার কোনও সমস্যা হয়নি। এবারের প্রতিমার দৈর্ঘ্য নজিরবিহীন। পুজো দেখতে আসতে পারেন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও। নিয়ম মেনেই গত ৩ সেপ্টেম্বর পুলিশ-প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি এখনও মেলেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ওই পুজোর অনুমতি দেওয়া উচিত নয় বলার পরেই পুলিশ প্যান্ডেল তৈরিতে বাধা দেয়।
রাজ্যের আইনজীবীর পাল্টা সওয়াল করে বলেন, ২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্কে ‘সবচেয়ে বড় দুর্গা’ তৈরি করা হয়েছিল। ৮৮ ফুটের সেই দুর্গা দেখতে ভিড় ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুজোর মাঝেই প্যান্ডেল বন্ধ করে দিতে হয়। দেশপ্রিয় পার্কের মতো রানাঘাটের এই পুজোতেও পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কারণ মাত্র ১৪ ফুটের রাস্তার উপর ওই প্যান্ডেল করা হয়েছে। তাই এই পুজোতে অনুমতি দেওয়া উচিত নয়।
দু’পক্ষের সওয়াল শুনে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ২৪ ঘণ্টার মধ্যে জেলাশাসককে এই পুজোর বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেন। কর্তৃপক্ষ এত দিনেও কোনও সিদ্ধান্ত জানাননি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। বিচারপতি জানিয়েছেন, জেলাশাসক কী সিদ্ধান্ত নেন, পরবর্তী শুনানির দিন আদালত তা বিবেচনা করবে।