
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 7 February 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীর বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দু’জন মহিলা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা।
ঠিক কী করে ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ লেগে আগুন ধরে যায় সেই এলাকাটি এত ঘিঞ্জি যে ঘটনাস্থলে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হয় দমকল ও পুলিশকে।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তার জন্যই বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। তাতে কেউ আটকে রয়েছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
২০২৩ সালে এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে অন্তত ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বজবজ ও দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মারা যান ৭ জন। এবার চর্চায় কল্যাণী।