
শেষ আপডেট: 20 November 2023 12:53
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: খেলা দেখতে দেখতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের।
পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বেলডাঙা থানার কলোনি ২ নবর ওয়ার্ডের বাসিন্দা।
২০০৩ সালের পর ফাইনালে ভারত। উন্মাদনায় ফুটছিল বাংলা। সুকুমারবাবুও খেলা নিয়ে বেশ উন্মত্ত ছিলেন। রবিবার সকাল থেকে টিভি খুলে বসেছিলেন। দেড়টা থেকে খেলা শুরু হওয়ার পর তিনি টিভি স্ক্রিন থেকে চোখ সরাননি। তবে বিকেলে কিছুক্ষণের জন্য ছাদে গেছিলেন। গাছে জল দিয়ে এসে ফের টিভি স্ক্রিনে চোখ রাখেন।
সুকুমারবাবুর স্ত্রী জানিয়েছেন, টিভি দেখছিলেন স্বামী। সেই সময় তাঁকে ডেকে সুকুমারবাবু বলেন, 'শরীর ভাল লাগছে না।' প্রৌঢ় তখন ঘামতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। বাড়িতেই ডাক্তার ডেকে আনা হয়। চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পরে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তারের দাবি, ওই প্রৌঢ় স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাতেই তাঁর মৃত্যু হয়েছে।