
হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত
শেষ আপডেট: 8 October 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল। পুলিশ জানিয়েছে মৃতের নাম শাবানা বিবি (১৮)।
ইসলামপুর থানার বাবলাবোনা গ্রামের বাসিন্দা শাবানা। সোমবার প্রসব যন্ত্রণা ওঠায় তাঁকে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে একটি শিশুর জন্ম দেন তিনি। তারপরেই প্রসূতির অবস্থার অবনতি হয়। শাবানার পরিবারের অভিযোগ, অবস্থার অবনতি হলেও তাঁর কোনও চিকিৎসাই হয়নি। পরিবারের লোকজন বারবার ডাক্তারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু কেউ তাদের কথা শোনেনি। তারফলেই মৃত্যু হয় ওই প্রসূতির।
শাবানার মৃত্যুু খবর ছড়িয়ে পড়তেই তেতে ওঠে গোটা হাসপাতাল চত্বর। ভাঙচুর শুরু করে তাঁর আত্মীয়রা। একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবি করেছেন প্রসূতির পরিবারের সদস্যরা। অন্যদিকে বেপরোয়া ভাঙচুরে অভিযুক্ত রোগীর পরিবার পরিজনদের শাস্তি দাবি করেন হাসপাতালের কর্মীরা।