
কান্দির সরকারি স্কুল
শেষ আপডেট: 28 June 2024 22:28
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গরমে ছাত্রছাত্রীদের আরাম দিতে নদিয়ার হবিবপুরের স্কুলের পথে হাঁটল কান্দির রসোড়া অম্বিকা উচ্চ বিদ্যালয়ও। স্কুলের ক্লাসরুমে বসল এসি।
বর্ষা ঢুকতে বাধা পাচ্ছে দক্ষিণবঙ্গে। এদিকে ভ্যাপসা গরমে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের নাজেহাল। ৬ থেকে ৭ ঘণ্টা স্কুলের ক্লাসরুমে কাটানো দুষ্কর হয়ে উঠছিল পড়ুয়াদের। গলদঘর্ম অবস্থায় পড়াশোনায় তাদের মন বসছিল না। অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। তাই পড়ুয়াদের স্বস্তি দিতে ক্লাসরুমে এসি মেশিন বসানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
মুর্শিদাবাদের কান্দি রসোড়া অম্বিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয়। গত কয়েক বছর ধরে স্কুলের মানোন্নয়নের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই স্কুলে পড়ুয়াদের সংখ্যা প্রায় ন'শোর বেশি। আটটি ক্লাস রুমে বসান হয়েছে এসি। কয়েকটি ক্লাসে ইনস্টলেশনের কাজ চলছে। তীব্র গরমে ঠাণ্ডা ঘরে ক্লাস করতে পেরে বেশ খুশি পড়ুয়ারা।
স্কুলের এক ছাত্রীর কথায়, "গরমে ক্লাস করতে ভাল লাগত না। খুবই কষ্ট হত। এখন ক্লাসরুমে এসি বসানোর বেশ ভাল লাগছে। তাতে পড়াশোনায় করতে সুবিধা হচ্ছে।"
এই স্কুলের প্রধান শিক্ষক বলেন, "চাঁদা তুলে এই এসিগুলি লাগান হয়েছে। প্রায় ৩লক্ষ ৭৫ হাজার টাকা চাঁদা তুলে এই এসি বসানো হয়েছে।"
সরকারি স্কুলে ক্লাসরুমে এসি বসিয়ে প্রথম বদল আনে হবিবপুরের দোহার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের। ছোটদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়।