
শেষ আপডেট: 6 February 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে চলেছে ক্যানসারের সঙ্গে লড়াই। মাধ্যমিক পরীক্ষার আগেই বাদ গেছে ডান হাত। তবু অদম্য আত্মবিশ্বাস। মাত্র এক মাসের মধ্যে বাঁ হাতে লেখা শিখে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শান্তিপুরের ছাত্র শুভজিৎ বিশ্বাস।
শুভজিতের বাড়ি শান্তিপুরের হরিপুর নীলকুঠি পাড়ায়। সে হরিপুর হাইস্কুলের ছাত্র। শান্তিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে। বাবা পেশায় তাঁতি। কিন্তু তাঁতের বাজার তেমন নয় বলে, সংসার ও ছেলের চিকিৎসার খরচ জোগাতে তাঁকে কলকাতায় চাকরি নিতে হয়েছে। মা পরিচারিকার কাজ করেন। শুভজিৎ আপাতত মাসির বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে।
ক্যানসার জয়ী এই ছাত্র জানিয়েছে, তার বয়স যখন ১২, সেই সময় ডান বাহুতে একটি টিউমার ধরা পড়ে। কলকাতার আরজিকর হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। ধীরে ধীরে সেটা ক্যানসারে পরিণত হয়। ছড়িয়ে পড়তে থাকে কর্কট রোগ। ভেলোরে গিয়ে চিকিৎসা করানোর সময়ে জানুয়ারি মাসে ওই হাত বাদ দিতে হয়েছে।
শুভজিৎ বলে, "ক্যানসারের জন্য পড়াশোনার অনেকটা পিছিয়ে গেছি। আমি চাই না যে এর জন্য আরও পিছিয়ে যাই। পড়াশোনা করে জীবনে কিছু করতে হবে। তাই জানুয়ারি মাস থেকেই বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছিলাম।"
নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, "আমি ওই ছাত্রের সম্পর্কে জানি। জানুয়ারি মাসে ওর ডান হাত বাদ গেছে। কিন্তু এত কম দিনে ও বাঁ হাতে লেখা শিখে পরীক্ষা দিচ্ছে। এটা প্রশংসনীয়। আমি দেখেছি ও পরীক্ষার হলে ভালভাবেই লিখতে পারছে।"