
শেষ আপডেট: 17 January 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: লক্ষ্য, বাংলার ছাত্রছাত্রীদের সরকারি চাকরির জন্য অনুপ্রেরণা জোগানো, আগামী দিনের সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের দিশা দেখানো। তাই বর্তমান আইএস, ডাব্লুবিসিএস অফিসাররা শোনালেন তাঁদের কেরিয়ার গড়ার গল্প। বুধবার নদিয়া জেলায় কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়াদের জন্য লক্ষ্য কেরিয়ার গাইডেন্স নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য এই অনুষ্ঠানের উদ্যোগ নেয় নদিয়া জেলা প্রশাসন।
শুধু মোটা বেতনের হাতছানি নয়, সরকারি চাকরি মানেই নিরাপত্তা। তবে সেই চাকরির প্রাপ্তির জন্য প্রয়োজন অধ্যাবসায় এবং অবশ্যই সঠিকভাবে প্রস্তুতি। এদিন এমনই পরামর্শ দেন বাঙালি উচ্চপদস্থ আধিকারিকেরা। ডাব্লুবিসিএস লেভেলের পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে। যার জন্য চাই পরীক্ষার বিষয় নিয়ে সম্যক ধারণা এবং খুঁটিয়ে পড়ার অভ্যাস। একইভাবে দেশের সর্বোচ্চ স্তরের ইউপিএসসি-তে সাফল্যের জন্যও এদিন পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সংশ্লিষ্ট ক্ষেত্রের কৃতিরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলা শাসক অরুণ প্রসাদ। এছাড়াও ছিলেন সংখ্যালঘু বিভাগের অফিসাররা। এদিন উচ্চপদস্থ আধিকারিকরা তাঁদের বক্তব্য পেশ করেন। কীভাবে সিভিল সার্ভিসে কেরিয়ার গড়তে হয় তা নিয়ে তাঁরা নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। ভবিষ্যতের জন্য পড়ুয়াদের বিবিধ পরামর্শ দেন। আগামী দিনে কল্যাণীতেও এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নদিয়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাইমাদ্রাসার কৃতী পড়ুয়াদের ভার্চুয়াল সংবর্ধনার অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, পড়ুয়াদের জন্য চালু হবে কেরিয়ার গাইডেন্স পোর্টাল। যেখানে হদিশ থাকবে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানের। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জেলায় জেলায় চালু করা হবে ডাব্লুবিসিএস কোচিং সেন্টার। বর্তমান যুবসমাজের কেরিয়ার গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।