
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 April 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৬৩ ধারা জারি করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি (Magisterial Power) নিতে হয় পুলিশকে। গত ৯ এপ্রিল নবান্নের (Nabanna) তরফে বিশেষ নির্দেশিকা জারি করে পুলিশের কিছু পদস্থ কর্তাদের এ ব্যাপারে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। আটদিনের ব্যবধানে, গত ১৭ এপ্রিল আবারও একটি নির্দেশিকা জারি করে আগের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে নবান্ন।
প্রশাসনের একটি সূত্রের দাবি, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মুর্শিদাবাদ-সহ রাজ্যের কয়েকটি এলাকায় যেভাবে গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেকারণেই জরুরি ভিত্তিতে ওই নির্দেশ জারি করা হয়েছিল। মোটের ওপর পরিস্থিতি আবার শান্ত হয়েছে। সে কারণেই পুলিশকে দেওয়া অতিরিক্ত ক্ষমতা প্রত্যাহার করা হল বলে মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে অফিসিয়ালি প্রশাসনের শীর্ষ কর্তাদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
নবান্ন সূত্রের খবর, গত ৯ এপ্রিল স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর তরফে জারি করা নির্দেশিকায় ডিজি, এডিজি, আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ রাখা-সহ একাধিক ক্ষমতাও দেওয়া হয়। গত ১৭ এপ্রিল জারি করা নির্দেশিকায় আগের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের তরফে সে সময় জানানো হয়েছিল, বিশেষ বিশেষ ক্ষেত্রে সময় বাঁচাতেই পুলিশকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে। কারণ, কোথাও বড় ধরনের গোলমাল বা গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে গিয়ে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। জরুরি পরিস্থিতিতে এই 'গোল্ডেন আওয়ার' যাতে নষ্ট না হয়ে যায়, সেদিকে বাড়তি নজর দিতেই এই পদক্ষেপ করা হয়েছিল।
সূত্রের দাবি, মুর্শিদাবাদ-সহ অশান্ত এলাকাগুলিতে এখন আর গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি নেই। তাই পুলিশের কাছ থেকে অতিরিক্ত ক্ষমতা প্রত্যাহার করা হল। অর্থাৎ এখন থেকে আবার ১৬৩ ধারা জারি করতে হলে পুলিশকে অপেক্ষা করতে হবে ম্যাজিস্ট্রেটের অনুমতির জন্য।