
শেষ আপডেট: 21 March 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: পর পর কয়েক বছর রামনবমীর (Ram Nabami) দিনে রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত করেছে এনআইএ এবং তাতে গ্রেফতারিও হয়েছে। এবারেও যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সময় থাকতে কড়া পদক্ষেপ করল নবান্ন (Nabanna)।
সূত্রের খবর, এবারে রাম নবমীর দিনে নতুন করে কোনও মিছিলের অনুমতি দেওয়া হবে না। বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। একই সঙ্গে রামনবমীকে কেন্দ্র করে কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এখন থেকেই প্রতিটি থানাকে সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
আগামী ৬ এপ্রিল রাম নবমী। এবারে রামনবমীর দিন রাজ্যে কয়েক লক্ষ লোক নামানোর হুঁশিয়াারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু এও বলেছেন, বাধা দিতে এলে দেখে নেওয়া হবে।
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। পর্যবেক্ষকদের অনেকের মতে, ভোটের আগে বাংলায় হিন্দুত্বের আরও জাগরণ করার চেষ্টা করবে গেরুয়া শিবির। সেদিক থেকে এবারে রামনবমী বিজেপির বড় টার্গেট। অন্যদিকে অতীত থেকে শিক্ষা নিয়ে রামনবমীতে অশান্তি এড়াতে মরিয়া প্রশাসনও।