
ভাস্কর ঘোষ।
শেষ আপডেট: 4 September 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষাকবচ দিল আদালত। নবান্ন অভিযানে অশান্তি বাধানোর অভিযোগে ভাস্করের বিরুদ্ধ তিনটি এফআইআর রুজু করেছিল পুলিশ।
ওই তিনটি মামলাতেই বুধবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ককে রক্ষাকবচ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে গ্রেফতারের মতো কড়া কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। ৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন এই নির্দেশ বহাল থাকবে।
আরজি কর ইস্যু সহ নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে ক্রমাগত প্রতিবাদ করে আসছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষের অভিযোগ, সেই কারণেই বারবার তাঁর এবং সংগঠনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, রাজ্য প্রতিহিংসামূলক আচরণ করছে।
সম্প্রতি আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিলও করেছিলেন ভাস্কর ঘোষ। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের রায় দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, ''রাজ্য সরকারের উচ্চপদস্থ যে সব পুলিশকর্তারা আছেন তাঁদের দ্বারা নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। সে জায়গা থেকে সিবিআই ছাড়া উপায় ছিল না। তবে তারাও কোনও পক্ষ না নিয়ে সঠিক তদন্ত করুক, এটাই চাই। আরও অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। সেগুলির মতো এই মামলার তদন্তও যেন মাঝপাথে হারিয়ে না যায়, দোষীরা কঠোর শাস্তি পাক।''
এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন ভাস্কর। তাঁর দাবি ছিল, দুটি ভাগ রয়েছে রাজ্য পুলিশের মধ্যে। এক, যারা উচ্চপদস্থ কর্তা, কাটমানি শিল্প চালিয়ে নিয়ে যাচ্ছেন, কয়েকশো কোটি টাকার মালিক। আর দুই, যারা জ্বালা-যন্ত্রণায় আছেন, তাঁরা চান এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। এখন তাঁর অভিযোগ, তাৎপর্যপূর্ণভাবে আরজি ইস্যুর পরই তাঁর বিরুদ্ধে আরও বেশি এফআইআর করা হচ্ছে।
এর আগে তাঁকে গ্রেফতার করার উদ্যোগ নিয়েছিল পুলিশ। দাবি করা হয়েছিল, ভাস্করের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁর গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সংগ্রামী যৌথ মঞ্চের কোনও নেতাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত।