নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। সেই ঘটনায় এবার গ্রেফতার আরও এক বিজেপি নেতা।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 August 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল (Nabanna Abhijan)। সেই ঘটনায় এবার গ্রেফতার আরও এক বিজেপি নেতা (BJP Leader arrested)। নৈহাটির বিজেপির ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি মানস চন্দ্র সাহাকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে এখনও পর্যন্ত ২ জনকে ধরেছে পুলিশ।
ভাটপাড়ার বিজেপি নেতা এবং অর্জুন সিং (Arjun Singh) 'ঘনিষ্ঠ' চন্দন গুপ্তকে আগেই গ্রেফতার করেছে নিউমার্কেট থানার পুলিশ। দুই বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, পুলিশ ভুল ধারা বসিয়ে মিথ্যে অভিযোগে তাঁদের ধরেছে।
গত ৯ অগস্ট আরজি করকাণ্ডের (RG Kar Case) বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার পরিবার। রাজনৈতিক দলের নেতারাও দলীয় পতাকা ছেড়ে মিছিলে হেঁটেছিলেন। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করার অভিযোগ যেমন উঠেছে, পুলিশকে মারধরের করার অভিযোগ তুলেছে লালবাজার।
গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলনেও পুলিশের পক্ষ থেকে কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে দেখা যায়, আর আর অ্যাভিনিউয়ের পরিবর্তে মিছিল পার্কস্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কলকাতা পুলিশের দাবি অনুযায়ী, ৫ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন, এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল ও একজন হোমগার্ড।
নবান্ন অভিযানের (Nabanna Abhijan) দিন পুলিশকে উদ্দেশ্য করে আক্রমণের অভিযোগে মোট একাধিক মামলা রুজু হয়েছে, জানিয়েছেন যুগ্ম কমিশনার মিরাজ খালিদ। ইতিমধ্যেই কয়েকজনকে নোটিস পাঠানো হয়েছে।
পুলিশের তরফে এও বলা হয়েছে, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শুধুমাত্র মিছিল দমন নয়, যাঁরা আইন ভেঙেছেন বা পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন, তাঁদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।