
শেষ আপডেট: 13 December 2023 17:45
দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের ব্যবধানে ফের সংসদে তাণ্ডব। গোটা ঘটনায় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। এমন আবহে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে সরব হল তৃণমূল কংগ্রেস।
প্রশ্ন ঘুষ কাণ্ডে ক’দিন আগেই লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে> বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে মহুয়ার প্রসঙ্গ টেনে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী শশী পাঁজা বলেন, “স্রেফ অভিযোগের ভিত্তিতে আমাদের সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করে দিল বিজেপি। মহুয়ার জন্য নাকি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল! তাহলে বুধবার সংসদে যা ঘটল, সেটা কি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত নয়? অবিলম্বে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে লোকসভা্ থেকে বহিষ্কার করতে হবে।”
২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। বুধবার ১৩ ডিসেম্বর হঠাৎ তেমনই লোকসভার ভিজিটরস গ্যালারি থেকে দুটি ক্যানিস্টার নিয়ে সাংসদদের বেঞ্চের দিকে ঝাঁপ দিলেন দুই যুবক। তারপর তারা ক্যানিস্টার খুলে দেন লোকসভার মধ্যেই, যা থেকে গল গল করে ধোঁয়া বা গ্যাস বেরোতে থাকে। একই সময় সংসদ ভবনের বাইরে এক তরুণ ও তরুণীর হাতে দেখা যায় ক্যানিস্টার। ইতস্ততভাবে ঘুরতে দেখে গ্রেফতার করে দিল্লি পুলিশ। জানা গেছে, সংসদের ভেতরে এদিন তান্ডব চালানো দুই য়ুবকের ভিজিটর পাস ইস্যু করা হয়েছিল বিজেপির মহীশূরের সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে।
শশী বলেন, “বিজেপি যদি সত্যি জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকে তাহলে অবিলম্বে দেরি না করে প্রতাপ সিনহাকে সংসদ থেকে বহিষ্কার করবে। কারণ, উনি কাদের সঙ্গে ওঠাবসা করেন, তা তো এই ঘটনা থেকেই প্রমাণিত। কেন এরকম মানুষকে উনি সংসদে ঢোকার অনুমতি দিয়েছিলেন, সেটার তদন্ত হওয়া উচিত।”
নয়া সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক ঢক্কানিনাদ করা হয়েছিল। এই প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন শশী। তিনি বলেন, “দেশের আইন প্রণয়ন যেখানে হয় সেখানকার নিরাপত্তার হালটা কেমন তাতো বুধবারের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হল, তার নিরাপত্তার এমন গাফিলতির দায় কে নেবে?”