
শেষ আপডেট: 18 September 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বাসিন্দা বছর কুড়ির তরুণী বধূ গুরুতর অসুস্থ। অনেক চিকিৎসা করিয়েও রোগমুক্তি হচ্ছে না। এই অবস্থাতেই সেই তরুণী উত্তরপ্রদেশের বেরেলিতেতে বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁর সৎ মা মেয়ের রোগমুক্তির প্রার্থনা করতে গ্রামের স্থানীয় শিব মন্দিরে নিয়ে যান মেয়েকে (Muslim woman arrested from temple)।
এলাকায় মানুষ বিপদ আপদে শিব মন্দিরে (Shiva Temple) পুজো দেন। বিশেষ প্রার্থনার আয়োজন করেন। সেই বিশ্বাস থেকে তাঁরাও গিয়েছিলেন। কেউ একজন ভিডিও করে মা, মেয়ের শিব মূর্তির সামনে প্রার্থনার দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন। ছবি দেখে মনে হচ্ছে, শিব মূর্তির সামনে নমাজ পড়ার মতো করে প্রার্থনা করছেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরেলি জেলার ভুটিয়া থানার কেশরপুর গ্রামে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ চন্দ্র মিশ্র বলেন, 'সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দুই মহিলা নমাজ পড়ার মতো করে প্রার্থনা করছিলেন। আরও ভিডিও জোগাড় করে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।'
কারও কারও মতে গ্রামের প্রচলিত বিশ্বাস মতেই মুসলিম মা ও মেয়ে শিব মন্দিরে গিয়েছিলেন রোগ মুক্তির প্রার্থনা করতে। প্রার্থনা করার সময় অভ্যাসবশত নমাজ পড়ার মতো দৈহিক ভঙ্গি করা অসম্ভব নয়।
তরুণীর দাদা পুলিশকে লিখিত আবেদনে বলেছেন, তাঁর বোন গুরুতর অসুস্থ। অল্প বয়সে রোগভোগের সমস্যায় জেরবার হয়ে সে মায়ের পরামর্শে অন্য গ্রামবাসীদের মতোই শিব মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিল। ষড়যন্ত্রের প্রশ্নই আসে না।
স্থানীয় একটি দরগার ইমাম ফারমান হাসান খানও পুলিশকে বলেছেন, ধৃত দুই নারীকে জেলে পাঠানোর আগে ভাল করে খতিয়ে দেখা হোক তাঁরা আদৌ অসৎ উদ্দেশ্যে মন্দিরে গিয়েছিলেন কিনা।
আরও পড়ুন: বুধবার সংসদে পেশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল, ইন্ডিয়া জোট দ্বিধাবিভক্ত