দ্য ওয়াল ব্যুরো : ফের গণধোলাই। এবার খোদ গাজিয়াবাদ কোর্টে। ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করতে গিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের হাতে মার খেল এক মুসলিম যুবক। মারধরের ভিডিও তুলেছেন এক প্রত্যক্ষদর্শী।
ভিডিও ক্লিপে দেখা যায়, বাদামি রংয়ের জামা আর জিনসের প্যান্ট পরা এক যুবককে ছ-সাত জন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পিছু পিছু চলেছে এক বিশাল জনতা। কিছুদূরে নিয়ে গিয়ে জনতা যুবকটিকে ঘিরে ধরল। তারপর মারধর করতে লাগল।
পুলিশ জানিয়েছে ছেলেটির বাড়ি ভোপালে। মেয়েটির বাড়ি উত্তরপ্রদেশের বিজনৌরে। তারা নয়ডার এক সংস্থায় চাকরি করত। সেখানেই তাদের প্রেম ও বিয়ের সিদ্ধান্ত। শুভানুধ্যায়ীরা তাদের পরামর্শ দেয়, তোমরা নয়ডায় বিয়ে রেজিস্ট্রি কোর না। তাতে বিপদ হতে পারে। তার চেয়ে গাজিয়াবাদে গিয়ে রেজিস্ট্রি কর। কিন্তু গাজিয়াবাদে গিয়েও বিপদে পড়ল ছেলেটি।
তারা ভয়ে কারও নামে অভিযোগ করতে চায়নি। পুলিশ নিজে থেকে বিনীত ও নবনীত নামে দু’জন ও অচেনা আরও অনেকের বিরুদ্ধে মামলা করেছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।