
শেষ আপডেট: 7 August 2022 11:47
দ্য ওয়াল ব্যুরো: জাদুঘর (Museum) কাণ্ডে ধৃত জওয়ানকে (CISF Jawan) রবিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের (Police Custody) নির্দেশ দিল আদালত। শনিবার সন্ধেয় ১৫ রাউন্ড গুলি চালান সিআইএসএফ হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। গুলিতে নিহত হন এএসআই রঞ্জিত কুমার সারেঙ্গি। রাতেই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এদিন ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, ধৃত গত দু’মাস ধরে ঊর্ধ্বতন অফিসারের হাতে হেনস্থার শিকার হচ্ছিলেন। বয়ানে অক্ষয়কুমার জানিয়েছে, সিআইএসএফের অ্যাসিস্টেন্ট কমিশনার সুবীর ঘোষ নিয়মিত তাকে উত্ত্যক্ত এবং মানসিক নির্যাতন করতেন। এমনকি বাবার মৃত্যুর পরে তিনি কয়েকদিন ছুটি চাইলে সেই আবেদনও বাতিল হয়ে যায় তাঁর।
ধৃতকে রাতভর জেরার পর এদিন এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। দুপুরে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। আপাতত পুলিশ হেফাজতেই রাখা হবে অক্ষয়কুমারকে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।
গতকাল প্রায় ১৫ রাউন্ড গুলি চলেছে। গুলিতে মৃত্যু হয় সিআইএসএফ–এর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। গুলিবিদ্ধ হন সুবীর ঘোষ। ঘটনার পরই কলকাতা পুলিশের তরফে জাদুঘরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এদিনও জাদুঘরের দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জওয়ানদের মানসিক পরীক্ষা, কাউন্সেলিং চায় জাদুঘর, রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে