.jpeg)
স্থানীয়দের সঙ্গে কথা বলছেন মহিলা কমিশনের প্রতিনিধিরা
শেষ আপডেট: 19 April 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad News) উপদ্রুত এলাকায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অত্যাচার, বাড়ি ঘর ভাঙচুর, লুটপাটের হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনান বেতবোনা এলাকার মহিলারা। সব হারিয়ে কান্নায়ভেজা গলায় বললেন, 'চিন্তায়, আতঙ্কে ঘুমাতে পারছি না।'
ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেখানকার সুতি, ধুলিয়াল, সামশেরগঞ্জ এলাকার বিভিন্ন জায়গার মানুষ এখনও ঘরছাড়া। সেই মুর্শিদাবাদেই শনিবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছন। তখনই এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি জানান স্থানীয়রা।
শনিবার কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকারের নেতৃত্বে প্রতিনিধি দল উপদ্রুত এলাকায় গিয়েছিলেন। বেতবোনায় তাঁরা পৌঁছতেই ঘিরে ধরেন সাধারণ বাসিন্দারা। মাটিতে শুয়ে কাঁদতে শুরু করেন মহিলারা।
কমিশনের সদস্যরা সাধারণ বাসিন্দাদের আশ্বস্ত করেন। বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। কমিশনের সদস্যরা বিস্তারিত তথ্য তাঁদের জানাবেন।
এখনও এলাকায় বিএসএফ ও সিআরপিএফ মোতায়েন রয়েছে। বাহিনী নিরাপত্তার দিক খতিয়ে দেখছেন কমিশনের সদস্যরা। শুক্রবার মালদহের আশ্রয় শিবিরে কথা বলতে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাঁদের কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। গতকাল দিনভর ওই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদহে।